• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন অর্থমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১১:০৮
আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১১:০৮

অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন অর্থমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
টোকিওতে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামার সঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকল্প অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের অংশীদারত্ব আরও বিস্তৃত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নতুন নতুন খাতে যৌথ উদ্যোগ নেওয়ার ব্যাপারে একমত হন উভয় দেশের প্রতিনিধিরা।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের টোকিওতে দেশটির অর্থমন্ত্রীর কার্যালয়ে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসি অংশ নেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন উভয় দেশের প্রতিনিধিরা।

বিশেষ করে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নতুন খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ বাংলাদেশ ও জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ। দীর্ঘদিন ধরে দেশটির আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের অর্থায়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি নতুন প্রকল্প ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণেও দুই দেশ কাজ করছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম