শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।
বিদেশ কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিদেশের ৮টি কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন ২৩০ জন। এর মধ্যে ২০৯ জন পাস করেছেন।
বিদেশ কেন্দ্রে ফেল করেছেন ২১ জন। পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। একটি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ কম পেয়েছে ২৯ হাজার ১৩ জন ।












