• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

উচ্ছেদের পর নিউমার্কেটের ফুটপাতে বসল গাছের টব

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:২৮
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:২৮

উচ্ছেদের পর নিউমার্কেটের ফুটপাতে বসল গাছের টব
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরে রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাত যেন দখলদারদের আস্তানায় পরিণত হয়েছে। পথচারীদের চলাচলের জায়গা দখল করে বসানো হয়েছে বিভিন্ন দোকানপাট। এমন পরিস্থিতিতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

শনিবার (৩১ অক্টোবর) এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। উচ্ছেদের পর ফুটপাত পুনর্দখল ঠেকাতে সেখানে ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের টব বসানো হয়েছে।

অভিযানে নীলক্ষেত মোড়সংলগ্ন নিউ মার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেট সংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। একই সঙ্গে প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কও দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।

অভিযান চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সংশ্লিষ্টদের বারবার অনুরোধ করা হচ্ছে। এরপরও কেউ দখল করলে মালামাল জব্দসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 


প্রশাসক বলেন, নিউ মার্কেট গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন দূরদূরান্ত থেকে হাজারো মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাই পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো অবস্থাতেই জনচলাচলে বিঘ্ন ঘটানো যাবে না।

হকার নীতিমালায় সার্ভিস চার্জ কমানোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, হকারদের পক্ষ থেকে জানানো দাবিটি ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর সে অনুযায়ী তালিকা তৈরি করা হবে। তালিকার বাইরে কাউকে কোথাও বসার সুযোগ দেওয়া হবে না।

এলাকার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন জনচলাচল নিশ্চিত করতে স্থানীয় নেতা, ব্যবসায়ী সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন ডিএসসিসি প্রশাসক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম