• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

‘চরিত্র’ নিয়ে অনুশোচনায় জাহ্নবী কাপুর

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৮:০৩
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৮:০৩

চরিত্র’ নিয়ে অনুশোচনায় জাহ্নবী কাপুর
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
‘পেদ্দি’ সিনেমায় নিজের চরিত্রের উপস্থাপন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবিতে নারী চরিত্রকে অতিরিক্ত যৌন আবেদনময় করে তোলার অভিযোগ ওঠার পর নিজের অবস্থান জানিয়েছেন তিনি। জাহ্নবীর স্বীকারোক্তি, সিনেমাটিতে নারীর প্রতি আপত্তিকর উপস্থাপন ছিল। এমনকি গল্পের মধ্য দিয়ে যৌন নিপীড়নকে প্রশ্রয় দেওয়ার বিষয়টিও উঠে এসেছে বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও অনুশোচনা প্রকাশ করেছেন অভিনেত্রী।

সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন জাহ্নবী। তার বক্তব্য, সিনেমাটির নেতিবাচক প্রভাব নিয়ে তিনি বিবেকের কাছে দায়বদ্ধতা অনুভব করেন, বিশেষ করে নারীদের ওপর এর সম্ভাব্য প্রভাবের কারণে।

জাহ্নবী বলেন, ‘ওই সিনেমার জন্য অনেক মানুষ কঠোর পরিশ্রম করেছেন। তাই এ বিষয়ে আমার কিছু বলা উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু এ ধরনের গল্প আমাদের সমাজে, বিশেষ করে আমার লিঙ্গের মানুষের ওপর, যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা আমাকে গভীরভাবে ভাবায়। এ জন্য যে অনুশোচনা তৈরি হয়েছে, তা আমি সব সময় বয়ে বেড়াব। আমি কি আরও কিছু করতে পারতাম? আরও সতর্ক হতে পারতাম? অবশ্যই, শতভাগ।’

সিনেমাটিতে তার চরিত্রকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে প্রশ্নের জবাবে অভিনেত্রী আরও বলেন, ‘এটি কি সমস্যাজনক ছিল? নারীর প্রতি কি চরম বস্তুকরণ করা হয়েছে? গল্পের মধ্য দিয়ে কি যৌন নিপীড়নকে প্রশ্রয় দেওয়া হয়েছে? হ্যাঁ। এখন আমার একটাই করণীয়, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করা।’

নিজের ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করতে গিয়ে জাহ্নবী জানান, শুরুতে তিনি নিজেকেই বারবার দোষারোপ করেছেন। তবে পরিচালকের নির্দেশনা অনুসরণ করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

জাহ্নবীর ভাষায়, ‘আরও সতর্ক হওয়া উচিত ছিল, এমন ভেবে আমি নিজেকে অনেক দোষ দিয়েছি। আমি এটা বলতে চাই না, কারণ এতে মনে হতে পারে যে আমি দায় অন্যের ওপর চাপাচ্ছি। কিন্তু আপনি পরিচালকের কথা শোনেন, তিনি যা বলেন, তা অনুসরণ করেন। নতুন তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে কীভাবে বিষয়গুলোকে কম সমস্যাজনক করা যায়, তা নিয়ে আমি কাজ করছিলাম।’

দক্ষিণ ভারতের চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া প্রসঙ্গে জাহ্নবী বলেন, সেখানে আগে থেকেই সম্পূর্ণ চিত্রনাট্য হাতে পাওয়া কিংবা ক্যামেরার অ্যাঙ্গেল সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ খুব কম ক্ষেত্রেই থাকে। নিজের বিশেষ সুবিধা ও অবস্থান কাজে লাগিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘একভাবে এটি ছিল আমার জন্য লঙ্ঘনের মতো একটি অভিজ্ঞতা। তবে এর একটি ইতিবাচক দিকও রয়েছে। হয়তো ভবিষ্যতে কোনো পরিচালক প্রধান নারী চরিত্রকে এভাবে উপস্থাপন করার আগে দুবার ভাববেন।’

বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ একটি স্পোর্টস অ্যাকশনধর্মী সিনেমা। এতে পেদ্দি চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। আর জাহ্নবী কাপুরকে দেখা গেছে আচিয়াম্মা চরিত্রে, যে পেদ্দির প্রেমিকা।

গত ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটিতে জাহ্নবীর চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনা শুরু হয়। দর্শকদের একাংশের অভিযোগ, চরিত্রটির ব্যক্তিত্ব ও গল্পে তার ভূমিকা তুলে ধরার চেয়ে তার শারীরিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সিনেমার একটি দৃশ্যে আচিয়াম্মার অনাগ্রহ সত্ত্বেও পেদ্দির তার সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ এবং পরে বিদ্যুৎ চলে যাওয়ার সময় তার সম্মতি ছাড়াই চুমু দেওয়ার বিষয়টিও সমালোচনার জন্ম দেয়।

এসব সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষমা চেয়েছেন পরিচালক বুচি বাবু সানা। দর্শকদের উদ্বেগের বিষয়গুলো স্বীকার করে তিনি জানান, বিতর্কিত দৃশ্যগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট অংশে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিচালকের বিবৃতির একাংশে বলা হয়, ‘পর্দার বাইরে ও ভেতরে, সব সময়ই নারীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কোনো নারী চরিত্রকে বস্তুকরণ করা বা অসম্মান করা আমাদের উদ্দেশ্য ছিল না। সিনেমার কোনো অংশ যদি সেভাবে উপস্থাপিত হয়েছে বলে মনে হয়ে থাকে, তাহলে আমরা সেই অনুভূতিকে সম্মান করি, উত্থাপিত উদ্বেগ বুঝতে পারছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি। দর্শকদের প্রতিক্রিয়া পর্যালোচনা করে সংশ্লিষ্ট অংশগুলোতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম