• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়, সেনাসদস্য নিহত

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৬:৪৮
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৬:৪৮

টেকনাফে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়, সেনাসদস্য নিহত
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সেনাসদস্যের নাম মো. তিতাস শেখ (২৭)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল আনুমানিক বিকেল ৫টায় ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় সশস্ত্র মানবপাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ের একপর্যায়ে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখের (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রামুতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। কর্তব্যরত চিকিৎসক সৈনিক তিতাসকে মৃত ঘোষণা করেন।

আইএসপিআর জানিয়েছে, ওই অভিযানে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া মানবপাচারকারী চক্রের ৫ জন সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়।

আইএসপিআর বলেছে, দেশমাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় এই তরুণ সেনাসদস্যের আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম