শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (৭ নভেম্বর) সকালে সিলেটের নাইওরপুলের একটি হোটেলে সামাজিক সম্প্রীতি, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সিলেট জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোনো অস্থিরতাই কাম্য নয়। কারণ, একটি অস্থিরতা নতুন আরেকটি অস্থিরতা সৃষ্টি করে। তবে বিনিয়োগ দীর্ঘমেয়াদি বিষয়। তাই এই কয়েক দিনের অস্থিরতার কারণে বিনিয়োগ দু-এক ধাপ পিছিয়ে বা এগিয়ে যাবে না। অস্থিরতায় বিনিয়োগে পোশাকশিল্পে কোনো প্রভাব পড়বে না।’
সামাজিক সম্প্রীতি, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘অর্থনীতির বিকাশের বড় অন্তরায় অস্থিতিশীলতা ও অস্থিরতা। অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার পাশাপাশি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম পূর্বশর্ত। শ্রমিকদের অসন্তোষের পেছনে কোনো যৌক্তিক কারণ ছিল না। সরকার ঘটনার পরপরই মজুরি বোর্ড গঠন করেছে। ডিসেম্বর থেকে নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার।’
মন্ত্রী আরও বলেন, ‘শ্রমিক অসন্তোষের পেছনে স্বাভাবিক কারণের বাইরে অন্য কোনো কার্যকারণ রয়েছে কি না, তা সংশ্লিষ্টরা খতিয়ে দেখবেন। এ ধরনের অসন্তোষের কারণে অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়লেও তা কাটিয়ে ওঠা সম্ভব।’












