শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের একক অর্জন নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা ৩৬ দিনের জুলাইকে কেবল নিজেদের বলে দাবি করছেন, তাদের রাজনৈতিক পরিপক্বতা আসবে না। এমন মানসিকতা নিয়ে রাজনীতিতে বড় হওয়াও সম্ভব নয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৭ নভেম্বর বিএনপির একার কোনো অর্জন নয়। বাংলাদেশের স্বাধীনতা যেমন কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়, তেমনি ৭ নভেম্বরের ঘটনাও কোনো একক দলের অর্জন নয়। কিছু বিষয় সর্বজনীন, যার কৃতিত্ব সবাইকে দিতে হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল, তারা রাজনীতিতে বিনাশ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে এখন দিল্লিতে গিয়ে বসে আছে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের নবীন বন্ধুরা যারা রাজনীতিতে এসেছেন, তারা যদি ২৪-এর চেতনাকে শুধু নিজেদের বলে দাবি করতে থাকেন, তাহলে একসময় ২৪ কারও থাকবে না। ২৪ সবার। এই অর্জন এক দিনে আসেনি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু মায়ের কোল খালি হয়েছে, বহু স্ত্রী স্বামী হারিয়েছেন। ইলিয়াস এখনো ফিরে আসেননি। আমাদের মতো সৌভাগ্য অনেকের হয়নি।
তিনি আরও বলেন, যারা এখনো গুম হয়ে ফিরে আসেননি, তাদের পরিবার জানে ২৪ অর্জন করতে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। যারা নির্যাতনের শিকার হয়েছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবার ও সন্তানেরা জানেন এই অর্জনের পেছনে কত রক্ত ও ত্যাগ রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ৩৬ দিনের জুলাইকে নিজেদের বলে দাবি করলে নবীন বন্ধুদের রাজনীতি নবীনই থেকে যাবে। তারা কখনো বড় হতে পারবেন না।












