শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী ১০ নভেম্বর তিনি তুরস্কের উদ্দেশে রওনা হবেন। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় আইক্যাপ সম্মেলনে অংশ নিচ্ছেন।
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে মনিরা শারমিন বলেন, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করাই হবে তার অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলবেন।
মনিরা শারমিন আরও বলেন, তারা শুধু সরকারের সমালোচনা করতে চান না। বরং গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতিপ্রস্তাব এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জলবায়ুনীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করতে চান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন মনিরা শারমিন। কর্মজীবনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করেছেন তিনি।
এ ছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করছেন।












