• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৮:৩৫
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৮:৩৫

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন। শেখ হাসিনা দেশে আসতে পারেন, তবে তার প্রতিটি হত্যার বিচার হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার গণতান্ত্রিক আন্দোলনে করা হয়েছে, তা নিশ্চিত করা হবে।

 

রোববার (৮ নভেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, উনি (শেখ হাসিনা) নাকি চলে আসবেন ডিসেম্বরে। তাহলে আবু সাঈদদের শহীদ করলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করালেন, এ অপরাধ, এ পাপ, এ হত্যার কি বিচার হবে না? মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন, হিন্দুস্তান থেকে নেমে পড়বেন? কোথায় নামবেন? প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে? ঢাকায় নামবেন, না গোপালগঞ্জে? একটু বলে দিন?

 

এই নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে আবারও ছাত্র, তরুণ, শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষ নিজেদের রক্ত দিয়ে তার পতন ঘটিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পেছনের প্রেরণা ছিল ৭ নভেম্বর। ৭ নভেম্বর মানুষ যেভাবে জেগে উঠেছিল, একইভাবে ১৯৯০ সালে এবং ২০২৪ সালের জুলাইয়েও মানুষ জেগে উঠেছিল। এ দেশের জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকেই ৭ নভেম্বরের চেতনা নিয়ে এখনো জেগে আছেন, অতন্দ্র প্রহরীর মতো সতর্ক আছেন। এ দেশকে কারও সেবাদাস হতে দেওয়া যাবে না।

বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির রাজনীতি সহজ-সরল পথের রাজনীতি, সিরাতুল মুস্তাকিমের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের অঙ্গীকার কখনো ভঙ্গ করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমানও তার প্রতিশ্রুতি থেকে সরে আসেননি। তবে কিছু রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করলেও কথায় কথায় প্রতিশ্রুতি ভঙ্গ করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম