শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দৈনিক যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার বলেছেন, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে সব ধরনের ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। জাতীয় ঐক্যই একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান ভিত্তি।
সোমবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কে. এম. সালজার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কবি আবদুল হাই শিকদার দেশ ও জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ব্যক্তিগত, রাজনৈতিক ও দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন, অগ্রগতি ও জনগণের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বেরুনী। এ সময় আরও বক্তব্য রাখেন ডিবিএর সহযোগী অধ্যাপক ড. মোবারক হোসেন, সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. আব্দুল মান্নান, ডিবিএর চেয়ারম্যান প্রফেসর সুলতান আহমেদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও সাবেক সচিব কাজী আখতার হোসেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা ধারণ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।












