শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পুরোনো উড়োজাহাজ কেনা, রাজস্ব আদায়ে অনিয়ম, লোকসানি রুট পরিচালনা এবং দীর্ঘদিনের অডিট আপত্তি নিষ্পত্তিতে ব্যর্থতার ঘটনায় সরকারি অর্থের অপচয় ও আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে সংসদীয় কমিটির পর্যালোচনায়। এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া, অনাদায়ী অর্থ উদ্ধার এবং অডিট আপত্তি নিষ্পত্তিতে সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন অনিয়ম ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত। অর্থ আদায়সংক্রান্ত ৪৫টি আপত্তির মধ্যে আটটির বিপরীতে আদায়ের দাবির সমর্থনে বৈধ ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেনি বিমান কর্তৃপক্ষ। ফলে এসব দাবি গ্রহণ করেনি অডিট বিভাগ। অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি জানিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজের মেয়াদ শেষে ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে নেওয়ার বিষয়টি পর্যালোচনা করে কমিটি। এ ক্রয়প্রক্রিয়া ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ এবং ক্রয় কমিটির সদস্যদের তালিকা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে রাজস্ব ক্ষতি, আন্তর্জাতিক ফ্লাইটে ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত যাত্রীদের কাছ থেকে আদায় করা অর্থ হিসাব ব্যবস্থায় জমা না হওয়া এবং লোকসানি রুট পরিচালনার বিষয়গুলো বৈঠকে আলোচনায় আসে। এসব বিষয়ে পূর্ণাঙ্গ আইটি অডিটের জন্য জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ এবং রুটভিত্তিক আয়-ব্যয়ের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি।
প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে চুক্তি অনুযায়ী সম্পূর্ণ কার্যাদেশ সরবরাহ না হলেও পুরো অর্থ পরিশোধের অভিযোগও পর্যালোচনা করা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে সাত দিনের মধ্যে যৌথ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, কোভিডকালীন ঢাকা-গুয়াংজু চার্টার্ড কার্গো ফ্লাইটে ভাড়া কম দেখিয়ে অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে বিমানের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব উদ্ধার এবং দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











