• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, সেই স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:৩০
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:৩০

বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, সেই স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড
 

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের সাবেক বিচারক মোহাম্মদ আবদুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান সুমনকে (১৪) হত্যার দায়ে আসামি লিমন মিয়াকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম। রায়ে বিচারক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার মদনেরপাড় গ্রামে। তার বাবার নাম হেমায়েত মোহাম্মদ সোলাইমান হোসেন শহিদ। সোলাইমান শহিদ ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য।

অন্যদিকে দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া কঞ্চিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে ২০২৫ সালের ১৩ নভেম্বর বিকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডাবতলা এলাকার পার্ক ভিউ নামের একটি বহুতল আবাসিক ভবনের পাঁচতলায় বিচারকের বাসায় ঢোকেন লিমন মিয়া। পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রথমে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৫) ছুরিকাঘাত করেন তিনি। মায়ের চিৎকার শুনে ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে বিচারকের ছেলে তওসিফ রহমান সুমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন লিমন। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত বিচারকের স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত সুমন রাজশাহীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন। ঘটনার পরদিন ১৪ নভেম্বর বিচারক আবদুর রহমান বাদী হয়ে লিমন মিয়াকে আসামি করে আরএমপির রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে আসামি লিমন মিয়া বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ লিমন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তিন মাসের ধারাবাহিক বিচারিক প্রক্রিয়ায় ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন বিচারক।

খোঁজ নিয়ে জানা যায়, বিচারক আবদুর রহমানের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চকপাড়া গ্রামে। চাকরির সুবাদে গাইবান্ধা শহরে বিয়ে করেন তিনি। তার স্ত্রী তাসমিন নাহার লুসি কোয়ান্টাম ফাউন্ডেশনে যাতায়াত করতেন। সেখানেই লিমন মিয়ার সঙ্গে তার পরিচয় হয়। কাজ না থাকায় বেকার লিমনকে বিচারকের স্ত্রী মাঝেমধ্যে আর্থিক সাহায্য করতেন। এভাবেই বিচারক পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা হয় লিমনের।

সর্বশেষ বিচারক আবদুর রহমান গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ছিলেন। ২০২৫ সালের ২৯ অক্টোবর রাজশাহী মহানগর দায়রা জজ হিসেবে বদলি হন তিনি। নগরীর ডাবতলায় বাসা নেন।

বিচারকের স্ত্রীর অভিযোগ, গরিব ভেবে লিমনকে আর্থিক সাহায্য করতেন তিনি। কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারেন, লিমন একজন প্রতারক। একপর্যায়ে সাহায্য করা বন্ধ করে দিলে লিমন নানাভাবে পরিবারটিকে হুমকি দিতে থাকেন। এমনকি ফোন করে হত্যার হুমকিও দেন। বিচারকের স্ত্রী লিমনের হুমকির বিষয়ে আরএমপির রাজপাড়া থানা ও সিলেটের জালালাবাদ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর বিচারকের ভাই পরিচয়ে বাসায় ঢুকে ছেলে সুমনকে হত্যা করেন লিমন। ছুরিকাঘাত করে বিচারকের স্ত্রীকেও হত্যার চেষ্টা করেন। দীর্ঘ চিকিৎসার পর প্রাণে বেঁচে যান তাসমিন নাহার লুসি।

খোঁজ নিয়ে আরও জানা যায়, লিমন মিয়া গাইবান্ধা সরকারি কলেজে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। পরে সেনাবাহিনীতে সিপাহি পদে যোগ দেন। তবে ২০১৮ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার চাকরি চলে যায়। এরপর কিছুদিন বাড়িতে ছিলেন। পরে গজারিয়াহাট ও বালাসী ঘাটে ছোটখাটো ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসায় ভালো করতে না পেরে ভবঘুরে হয়ে পড়েন। লিমন মাঝেমধ্যে কয়েক মাসের জন্য এলাকা থেকে উধাও হয়ে যেতেন। কিছুদিন পর আবার ফিরতেন।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় ফিরে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন লিমন। কঞ্চিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হন। এরপর থেকে তিনি নানাভাবে অনৈতিক উপায়ে অর্থ উপার্জন শুরু করেন। পরে বিচারকের স্ত্রীকে ফোন করে টাকা দাবি করতে থাকেন। টাকা না দিলে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দেন। একপর্যায়ে বিচারকের ছেলেকে হত্যা করেন এবং স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার ১০ দিন আগে ৩ নভেম্বর সকালে লিমন মিয়া বিচারকপত্নী তাসমিন নাহার লুসির মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে পরিবারসহ হত্যার হুমকি দেন। তখন তাসমিন নাহার সিলেটে মেয়ের বাসায় ছিলেন। হত্যার হুমকি পেয়ে ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডিতে উল্লেখ করেন, লিমন মিয়া আর্থিক সাহায্য না পেয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন।

জালালাবাদ থানা পুলিশ তখন আসামি লিমন মিয়াকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আদালতে পাঠায়। পরে জামিনে ছাড়া পেয়ে রাজশাহীতে গিয়ে তিনি বিচারকের ছেলেকে ও স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেন। ঘটনার পরপরই লিমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, তদন্ত শেষে পুলিশ আসামি লিমন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল। বিচার শুরু হলে আদালতে বিচারক আবদুর রহমান, তার স্ত্রী তাসমিন নাহার লুসিসহ ২৯ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে বিচারক ১২ নভেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য করেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি আরও বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আইনজীবী মাসুম আরও বলেন, আসামি লিমন মিয়া সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই সুবাদে তিনি হত্যার উদ্দেশে সুমনকে এমনভাবে ছুরিকাঘাত করেন, যাতে তার মৃত্যু নিশ্চিত হয়। আসামিপক্ষ থেকে বলা হয়েছিল, লিমন মিয়া মানসিকভাবে অসুস্থ। কিন্তু মানসিক পরীক্ষায় প্রমাণিত হয়, তিনি সুস্থ মস্তিষ্কে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশীদ বলেন, আসামির প্রতি ন্যায়বিচার করা হয়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম