• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মজুরি নির্ধারণে শ্রমিকদের ন্যায্য দাবি ও মালিকদের সক্ষমতা বিবেচনায় নেয়া উচিত: ড. নাজনীন আহমেদ

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১২:৪০
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১২:৪০

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শুধু মজুরি বাড়িয়ে তৈরি পোশাকশ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। তিনি বলেছেন, ন্যায্য মজুরির পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিক অধিকার, মাতৃত্বকালীন ছুটি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও সরকারকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর এফডিসিতে পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এ প্রতিযোগিতার আয়োজন করে।

নাজনীন আহমেদ বলেন, মজুরি বোর্ড আগে গঠন করা হলে বিদ্যমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত। মজুরি নির্ধারণের ক্ষেত্রে দ্রব্যমূল্য পরিস্থিতি, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং মালিকপক্ষের সক্ষমতা বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, যেকোনো অস্থিতিশীলতা বিদেশি ক্রেতাদের আস্থা কমিয়ে দেয়। শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো সময়মতো ক্রয়াদেশ সরবরাহ করতে না পারলে ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। সহিংসতার মাধ্যমে ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। কোনো পক্ষের ইন্ধনে অস্থিতিশীলতা তৈরি হলে মালিক-শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ, ভাঙচুরের মধ্যদিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো স্থিতিশীলতা ফিরে আসেনি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। বিদেশী ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে। এতে রপ্তানি কমবে। এই অস্থিতিশীলতা চলমান থাকলে তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাই পোশাক খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতনকাঠামোসহ নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উভয়ই প্রয়োজন। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ৬টি শিল্পাঞ্চলের প্রত্যেকটিতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে তা অত্যন্ত ইতিবাচক ও শ্রমিকবান্ধব পদক্ষেপ। শ্রমিকদের এই আন্দোলন স্বতস্ফুর্ত আন্দোলন কি না, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ভাবিয়ে তুলছে। পোশাক শ্রমিকদের চলমান এই আন্দোলনে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরি করার লক্ষ্যে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। কোন অপশক্তি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিক ছদ্মবেশে কেউ নাশকতা তৈরির চেষ্টা করলে তা কঠোরহস্তে দমন করা উচিত।

“মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি” শীর্ষক ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক হোসাইন শাহাদাত, সাংবাদিক মো. আতিকুর রহমান ও বিআইডিএসের রিসার্চ ফেলো কাশফি রায়ান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম