• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

খারাপ কাজ প্রতিহত করলেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব: হাবিব

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৭:২৯
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৭:২৯

খারাপ কাজ প্রতিহত করলেই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হাবিব
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
​সুন্দর বাংলাদেশ গড়তে হলে ভালোকে ধারণ করার পাশাপাশি সমাজের সব ধরনের মন্দ ও খারাপ কাজ সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

​শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলী আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যেন ভালো কাজের সঙ্গে থাকি, যা কিছু ভালো তা ধারণ করি এবং যা কিছু খারাপ, সবাই মিলে তা প্রতিহত করি। এভাবেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

​শিক্ষা বিস্তারে মরহুম আলী আহমদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, ইচ্ছা থাকলে ক্ষুদ্র প্রচেষ্টা থেকেও যে বড় কিছু করা সম্ভব, মরহুম আলী আহমদ তা প্রমাণ করেছেন। নিজের পরিবারের সন্তানদের শিক্ষিত করার পাশাপাশি এলাকার হাজারো সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে তিনি একটি সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

​আলী আহমদের দূরদর্শিতার প্রশংসা করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আলী আহমদ সাহেবের মতো কিছু মানুষ শুধু নিজেদের বা পরিবারের জন্য কাজ করেন না। তাঁরা দেশের মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করেন। একটি এলাকার শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার যে দূরদর্শিতা তিনি দেখিয়েছেন, তা সবার জন্য অনুকরণীয়।’

​প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবারের সদস্যরা চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেওয়া জমি অন্য কাজে ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারতেন। কিন্তু বাবার আদর্শ ও স্বপ্নকে ধারণ করে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জমি দান করেছেন এবং স্কুলের উন্নয়নে নিজেদের সময় ও শ্রম দিয়েছেন। তাঁদের এই ত্যাগের সুফল আজ শিক্ষার্থী ও এলাকাবাসী ভোগ করছে।

​প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো উন্নত শিক্ষার পরিবেশ ও ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানে রূপান্তরের স্বপ্ন রয়েছে প্রতিষ্ঠাতার পরিবারের। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং তাঁদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে কাজ করবেন।

​শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মরহুম আলী আহমদকে যথাযথভাবে শ্রদ্ধা করতে হলে তাঁর অবদান মনে রাখতে হবে। প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় অন্তত একবার সিজদায় গিয়ে তাঁর জন্য দোয়া করতে হবে, যাতে আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাত নসিব করেন।

​বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী এই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে যেসব সাবেক শিক্ষক-শিক্ষিকার অবদান রয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। পাশাপাশি মরহুম আলী আহমদ ও তাঁর সহধর্মিণীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম