শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা আলোচিত নেত্রী সামান্তা শারমিনকে ফোন করে হুমকি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
পোস্টে সামান্তা শারমিন জানান, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামে এক ব্যক্তি দুপুর ১২টা ২৭ মিনিটে ফোন করে তাকে হুমকি দেন। কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই ব্যক্তি। তবে ছাত্রলীগে ওই ব্যক্তির কোনো পদ-পদবি রয়েছে কি না, তা উল্লেখ করেননি তিনি।
ফেসবুক পোস্টের শেষে সামান্তা শারমিন লেখেন, ‘আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ঠিকানা এই বাংলায় হবে না।’
এ বিষয়ে জানতে চাইলে সামান্তা শারমিন প্রতিবেদককে বলেন, ছাত্রলীগ পরিচয়ে তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। পরে হুমকিদাতার পরিচয় জানতে তিনি ও তার অনুসারীরা ওই নম্বরে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলেও জানান তিনি।
এদিকে, হুমকি পাওয়া ওই মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি বরগুনা জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) কয়েকজন নেতার কাছে পাঠিয়ে ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হয়। তবে তারা ছবির ব্যক্তিকে চিনতে পারেননি বলে জানিয়েছেন।












