শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন উত্তাপ শুরু হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় এগোতে চায়, এমন প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে প্রশাসনের বাইরে সরকার ও বিরোধীদলের পক্ষ থেকে রাজনৈতিক কোনও পরিকল্পনা নেওয়া হচ্ছে কি না, সেদিকেও নজর রাখছেন রাজনীতি সচেতন মানুষ।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফারণের ঘটনা অব্যাহত আছে। আগুন দেওয়া হচ্ছে যানবাহনে। এর জন্য সরকারের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। যদিও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনও রাখঢাক না করেই প্রকাশ্যেই রাজপথে ঝটিকা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন।
আগামী ১৯ নভেম্বর পূর্বঘোষিত লকডাউন সামনে রেখে তাদের তৎপরতা আরও বেড়েছে। সর্বশেষ রবিবার (১৫ নভেম্বর) শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে ব্যাপক বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বিএনপির জেলা কার্যালয় ও জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। হাদি চত্বরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বঙ্গবন্ধু চত্বর। দীর্ঘ দিন বন্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে সরকারবিরোধী স্লোগান দিয়েছেন তারা। এ ঘটনায় ব্যর্থতার দায়ে রবিবার বিকালে গোপালগঞ্জের ডিসি ও এসপিকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এমন মারমুখী আচরণ ঘিরে নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই আলোকে সারা দেশে দলটির সন্দেহভাজন নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। পাড়া-মহল্লায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অপরদিকে সরকারের মন্ত্রী-এমপিসহ দায়িত্বশীলদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে— তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সর্বাত্বকভাবে প্রতিরোধ করেবেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশশাপাশি দলীয় নেতাকর্মীরাও প্রতিরোধ গড়ে তুলবে। একই ঘোষণা দিয়ে রেখেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘ফ্যাসিবাদের বিপক্ষে ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে’ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
সরকার ও বিরোধী দলের এসব ঘোষণাকে ঘিরে আরও বেশ কিছু প্রশ্ন দানা বেঁধে উঠেছে— উভয় পক্ষের এসব তৎপরতার মধ্যদিয়ে আসলেই কি শেখ হাসিনার দেশে ফেরার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে? আর সত্যিই যদি এ ধরনের কোনও পরিস্থিতি হয়— তাহলে কি জুলাইয়ের শক্তি হিসেবে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াত একসঙ্গে মাঠে নামবে?
এ বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আইন কানুন অনুযায়ী যতটুকু বুঝেছি, শেখ হাসিনা ফিরতে পারবেন প্রত্যর্পণ চুক্তি আইনের মাধ্যমে। এই প্রক্রিয়ায় ভারত তাকে ফেরত দেবে বলে মনে করি না। আর এক্ষেত্রে ডিসেম্বরে তার ফেরার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।’’
তিনি বলেন, ‘‘শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনও কর্মসূচি দিয়ে মাঠ উত্তপ্ত করতে চাইলে বিএনপি ও জামায়াতের মধ্যে ঐক্য হতেও পারে। কারণ শেখ হাসিনা তো দুই দলেরই শত্রু। কথায় আছে শত্রুর শত্রু মিত্র হয়।’’
হাসিনার ফেরার বাস্তবতা ও রাজনৈতিক ঐক্য কতটা সম্ভব?
ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসবেন— এমন ঘোষণায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন। যদিও অনেক জায়গায় তারা ছাত্রদল-যুবদলের হামলার মুখে পড়ছেন। আবার গ্রেফতারও হচ্ছেন। রাজনৈতিক এই বাস্তবতায় প্রশ্ন উঠেছে, আসলেই কি শেখ হাসিনা দেশে ফিরছেন? আওয়ামী লীগের এই তৎপরতা ঠেকাতে বিএনপি ও জামায়াত কি দ্বন্দ্ব ভুলে পুরোনো মিত্রতায় ফিরবে?
জানতে চাইলে নাগরিক ঐক্যের সভাপতি ও রাজনীতি বিশ্লেষক মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আসলে আমাদের দেশের মানুষের মধ্যে ভালো-মন্দের বিচার নেই।’’
তিনি বলেন, ‘‘যদি সত্যিই মানুষের মধ্য বোধশক্তি থাকতো, তাহলে তারা গণতন্ত্র ও ফ্যাসিবাদের বিপক্ষে পার্থক্য নিরূপণ করতো। একটি কল্যাণমুখী ও পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠিত না হলে মানুষের বিবেক জাগ্রত হবে না।’’ রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে শেখ হাসনার ফেরত আসার পরিবেশ তৈরি হতে পারে কি না এমন প্রশ্নে মান্না বলেন, ‘‘তিনি তখনই আসবেন, যখন নিরাপদ মনে করবেন। এখনই আসবেন বলে মনে করি না। আর এক্ষেত্রে ক্ষমতাসীন দল বিএনপি ও জামায়াত রাজনৈতিক ঐক্য করবে কি না, তা সুনির্দিষ্ট করে বলা মুশকিল। যেহেতু দুই দলের মধ্যেই অতীতে মিত্রতা ছিল, সে হিসেবে আওয়ামী লীগের প্রশ্নে তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য হতেও পারে। তবে তা নির্ভর করবে পরিস্থিতির মাত্রা বিবেচনায়।’’
ভিন্ন কথা বলছেন ১১ দলের শরিক আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন— এই ঘোষণা দিয়ে গোপালগঞ্জসহ সারা দেশে পরিকল্পিত সন্ত্রাস ও উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে বিএনপি ও জামায়াতসহ জুলাইয়ের সব পক্ষ আওয়ামী লীগের এসব সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিপক্ষে যার যার চিন্তা অনুযায়ী রাজনৈতিক অবস্থান নিচ্ছে। ডিসেম্বর যতই কাছে আসবে, এই অবস্থান আরও সংহত হবে বলে আমার ধারণা।’’
মঞ্জু বলেন, ‘‘প্রশাসন নৈরাজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাজনৈতিক পক্ষগুলো এক হয়ে আবার আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে।’’ শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে এই ঐক্যবদ্ধ প্রয়াস আরও শক্তিশালী চাপ তৈরি করবে তার বিশ্বাস।
মুখ খুলছেন ক্ষমতাসীনরা, প্রতিরোধের পরিকল্পনা?
সরকারের প্রথম দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা তৎপরতা থাকলেও সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে এতদিন রাজনৈতিকভাবে মোকাবিলার তেমন কোনও ঘোষণা দেওয়া হয়নি। মাঝে মধ্যে ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে প্রতিরোধের চেষ্টা করা হতো। আর কোনও কোনও ক্ষেত্রে প্রশাসনও ব্যবস্থা নিতো। তবে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এখন কথা বলা শুরু করেছেন সরকারের মন্ত্রী-এমপি ও বিএনপির সিনিয়র নেতারা। সামনের দিনে যেকোনও নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পাড়া-মহল্লায় সক্রিয় থাকার তাগিদ দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে প্রতিরোধ করতে শিগগিরই আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীতে দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হলেও তাদের অপতৎপরতা এখনও থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এই অরাজকতা ঠেকাতে তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলবে বিএনপি। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবেন দলীয় নেতাকর্মীরাও।’’
একই ইস্যুতে সম্প্রতি জাতীয় সংসদে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নাশকতা ঠেকাতে দলীয় এমপিদের মাঠে নামার নির্দেশ দেন।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি শামসুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে চাইলে আমাদের নেতাকর্মীরা বসে থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।’’ তিনি বলেন, ‘‘নিশ্চয়ই দলের পক্ষ থেকে কর্মসূচি আসবে।’’ এক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান তিনি।
ক্ষমতাসীনদের অবস্থান নিয়ে বিরোধী দলের সন্দেহ?
ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যকে বিশ্বাস করতে পারছেন না বিরোধী দলের নেতারা। তাদের অভিযোগ— সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। মন্ত্রী-এমপিরা এ নিয়ে যে ধরনের ঘোষণা দিচ্ছেন, তা ফাঁকা আওয়াজ। আসলে তারা এই ইস্যুতে মাঠে থাকবে কি না সন্দেহ রয়েছে। আর শেখ হাসিনাও আসবেন না বলে মনে করে বিরোধী দল।।
এ বিষয়ে জানতে চাইলে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমি যদি পাগলা গারদে থাকতাম, তাহলে হাসিনা আসবে এটা বলতাম। ওদের এসব বক্তব্য শুনে বা এগুলো নিয়ে ভেবে সময় নষ্ট করার কোনও অর্থ নেই।’’
তার মতে, ওরা ফাঁকা আওয়াজ দিয়ে নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত করার পন্থা অবলম্বন করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে আযাদ বলেন, ‘‘সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। এ জন্য ছোটখাটো বিশৃঙ্খলাও নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের দলের নেতা-কর্মীরা ব্যস্ত চাঁদাবাজিতে।’’
তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগ জানে যে, সরকার দুর্বল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে অকার্যকর। আর সরকার বা তাদের লোকজন মাঠে থাকার কথা বললেও আদতে তারা নেই। থাকবে বলেও জনগণ বিশ্বাস করে না।’’












