• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:৫৮
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১:৫৮

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র - ভ্যান্স
 

ইরানের সঙ্গে কোনোভাবেই দীর্ঘমেয়াদি বা অনন্ত যুদ্ধে জড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদিও যুদ্ধের উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরি পাঠিয়েছেন ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ইরানকে লক্ষ্য করে আরও হামলার নির্দেশ দেওয়া এবং যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করার মধ্যে বারবার অবস্থান পরিবর্তন করেছেন ট্রাম্প।

এরইমধ্যে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরানের বিরুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জন করবে ট্রাম্প প্রশাসন। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে অনির্দিষ্টকালের যুদ্ধে জড়িয়ে পড়তে দেওয়া হবে না।

তিনি বলেন, গত ৪৭ বছর ধরেই যুক্তরাষ্ট্র ইরানকে মোকাবিলা করছে। এর মধ্যে গত সাত মাস ধরেও কোনো না কোনোভাবে এই সংঘাতের সঙ্গে জড়িত রয়েছে ওয়াশিংটন।

এর আগেও গত মে মাসে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন ভ্যান্স। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য নিয়ে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন ট্রাম্প।

অন্য এক ব্রিফিংয়ে ভ্যান্স বলেছিলেন, তিনি এই পরিস্থিতিকে যুদ্ধ বলতে চান না। একই সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য কোনো কৃত্রিম সময়সীমাও নির্ধারণ করতে চান না।

তবে ভ্যান্সের এ বক্তব্যের সঙ্গে ট্রাম্পের অবস্থানের কিছুটা পার্থক্য রয়েছে। কারণ, ট্রাম্প নিজেই ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী পাঠানোর ঘটনায় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম