• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবল পণ্যবাহী জাহাজ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ২:০১
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ২:০১

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবল পণ্যবাহী জাহাজ
 

বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে সোমালিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) জাহাজটি ডুবে যাওয়ার আগে বিপৎসংকেত পাঠালে উদ্ধার অভিযান শুরু করে বুলগেরিয়া। এতে জাহাজের ১২ জন নাবিককেই জীবিত উদ্ধার করা হয়েছে। আল জাজিরা, এএফপি ও এপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে আটজন তুরস্কের এবং চারজন আজারবাইজানের নাগরিক। তাদের উদ্ধারে বুলগেরিয়া, রোমানিয়া ও তুরস্কের চারটি জাহাজ অংশ নেয়। পরে বুলগেরিয়ার একটি হেলিকপ্টারে করে তাদের উপকূলে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধারের পর বন্দরনগরী ভারনায় সাংবাদিকদের কাছে জাহাজের নাবিকেরা দাবি করেন, তাদের জাহাজটি দুটি সামুদ্রিক ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে হামলার জন্য কারা দায়ী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটির নাম ‘বেতুল ৮’। এতে প্রায় ৩ হাজার মেট্রিক টন গম ছিল। রোমানিয়া থেকে মিসরে যাওয়ার পথে এটি দুর্ঘটনার শিকার হয়। সোমবার ভোরে বুলগেরিয়া কর্তৃপক্ষ জাহাজটি থেকে বিপৎসংকেত পায়। তখন এটি কেপ কালিয়াকরার প্রায় ৪০ নটিক্যাল মাইল বা ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।

এর আগে সপ্তাহান্তে রোমানিয়ার উপকূলের কাছেও তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বুখারেস্ট কর্তৃপক্ষ।

রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী দান নেকুলায়েস্কু সোমবার এসব হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ডায়াপ্লাসের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ের মাঝামাঝি থেকে বুলগেরিয়া ও রোমানিয়ার উপকূলীয় এলাকায় হামলার শিকার হওয়া ১৭তম জাহাজ বেতুল ৮।

কৃষ্ণসাগরের এই অংশ দিয়ে ইউক্রেনের খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হয়। ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহৎ গম রপ্তানিকারক দেশ। চার বছরের বেশি সময় আগে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর দেশটির কৃষ্ণসাগরীয় বন্দরগুলো নিয়মিত হামলার মুখে পড়েছে।

এদিকে, বুলগেরিয়া ও রোমানিয়া— উভয় দেশই ন্যাটোর সদস্য। সাম্প্রতিক জাহাজে হামলার ঘটনায় দুই দেশের কর্মকর্তারা রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে বুলগেরিয়া বলেছে, এসব হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, রাশিয়া এর আগে ওই অঞ্চলে প্রাণঘাতী ড্রোন হামলার দায় অস্বীকার করেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম