ইরানের সঙ্গে যোগসাজশ ও সন্ত্রাসবাদের অভিযোগে ৬৪ জন শিয়া মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। সাজাপ্রাপ্তদের বেশিরভাগই ধর্মীয় নেতা বা আলেম। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বিআইআরডি) বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। মানামার হাই ক্রিমিনাল কোর্ট একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সুন্নি শাসিত বাহরাইনে ধরপাকড় বেড়ে যায়। চলমান যুদ্ধে মার্কিন ঘাঁটি থাকায় বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে গুপ্তচরবৃত্তি ও ইরানের প্রতি সহানুভূতি দেখানোর অভিযোগে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায়ের শত শত মানুষকে আটক করে প্রশাসন এবং অনেকের নাগরিকত্বও বাতিল করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সাজাপ্রাপ্তদের মধ্যে ৫৬ জনকে গত মে ও জুন মাসে গ্রেফতার করা হয়েছিল। এদের মধ্যে ৪৭ জনই শিয়া আলেম, যাদের মধ্যে দেশের প্রধান মসজিদগুলোর খতিব ও ইমাম রয়েছেন। বাকি নয়জন তাদের সহযোগী ও ধর্মীয় বক্তা। এ ছাড়া নির্বাসিত শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ শেখ ইসা কাসিমসহ ১৩ জনকে তাদের অনুপস্থিতিতেই বিচার ও সাজা দেওয়া হয়েছে। বাহরাইন সরকারের দাবি, পলাতক এই আসামিদের বেশিরভাগই বর্তমানে ইরানে আছেন।
আসামিদের বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মদদে সন্ত্রাসী দল গঠন, সংবিধান বাতিলের ডাক দেওয়া এবং ইরানের আদলে ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা চালুর চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। আদালত কারাদণ্ডের পাশাপাশি কয়েকজনকে ২ লাখ ৬৫ হাজার ডলার জরিমানা এবং ২ কোটি ১২ লাখ ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবীদের মতে, এই রায় তাদের কল্পনার চেয়েও ভয়াবহ হয়েছে।
এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২০টি সংস্থা জানিয়েছে, কারাগারে আসামিদের ঘুমাতে না দিয়ে, চোখ-হাত বেঁধে ও নির্যাতনের ভয় দেখিয়ে না পড়েই স্বীকারোক্তিতে সই নেওয়া হয়েছে। বিআইআরডি এই রায়কে শিয়া সম্প্রদায়ের বিশ্বাসের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে।
তবে নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছে বাহরাইন সরকার। প্রশাসনের দাবি, ধর্মীয় বিশ্বাসের কারণে নয়, বরং জব্দ করা নথিপত্র ও রেকর্ড করা খুতবার মতো প্রমাণের ভিত্তিতেই সাজা দেওয়া হয়েছে এবং আসামিরা সব ধরনের আইনি অধিকার পেয়েছেন।
সূত্র: বিবিসি













