• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

‘পঞ্চম বাহিনীকে’ আর ছাড় নয়, পথে পথে প্রতিহত করা হবে: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:০৩
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:০৩

‘পঞ্চম বাহিনীকে’ আর ছাড় নয়, পথে পথে প্রতিহত করা হবে রিজভী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী ‘পঞ্চম বাহিনী’ হিসেবে অভিহিত পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অগণতান্ত্রিক বা অমানবিক কোনো পন্থায় নয়, বরং জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের পথে পথে প্রতিহত করা হবে। একই সঙ্গে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পরাজিত শক্তি বিদেশে বসে অর্থ ও মদদ দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। পুলিশের বক্স ও গাড়িতে আগুন দেওয়া, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ এবং মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে তারা লিপ্ত রয়েছে।

রিজভী বলেন, ‘প্রথম থেকে আমরা ধৈর্যের সীমার মধ্যে থেকে বিষয়গুলো দেখছিলাম। কিন্তু তাদের কর্মকাণ্ড ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। তাদের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে। সরকারও এ বিষয়ে অত্যন্ত তৎপর।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘যারা জনকল্যাণে ও দেশের মানুষের জন্য কাজ করেন, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। যারা রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট, গুম ও খুনের রাজনীতি করেছেন- তারাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’

এ প্রসঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদাহরণ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘নানা চাপ ও হুমকির মুখেও তারা দেশ ছেড়ে যাননি। অথচ পালিয়ে যাওয়া ব্যক্তিরা বিদেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।’ দেশে টোকাইদের টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। তবে সাবেক আমলের কিছু সুবিধাবাদী ব্যক্তি এলাকাটিকে সন্ত্রাসের পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন, কিন্তু তা আর সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘সেখানে আমাদের নেতা সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়ি পুড়িয়ে তছনছ করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যা করা হয়েছে।

সাবেক এক জ্যেষ্ঠ মন্ত্রীর অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে, যেখানে সাবেক মন্ত্রী মোজাম্মেল হক প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

রিজভী বলেন, এই ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ।

ডিসেম্বর মাসের কর্মসূচি

সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বর মাসের দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচির বিষয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, বিজয়ের মাসে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি।

এ ছাড়া ডিসেম্বর মাসে ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত নেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি নেওয়া হবে। দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে পালন করবে দলটি।

রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াসিন আলী এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম