যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশটি থেকে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে, এমনটা জানিয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে দূতাবাস জানায়, ‘আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।’
এর আগে গত ৯ নভেম্বর মার্কিন ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাসের ফেসবুক পেজে ওই সতর্কতা জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তিনি আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের।
দূতাবাসের বার্তায় ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।













