• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

এবারের ‘ইত্যাদি’ জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৪:৫৭
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৪:৫৭

এবারের ‘ইত্যাদি’ জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে
 

জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের ‘ইত্যাদি’ এবার জয়পুরহাটে নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও উল্লেখযোগ্য স্থানে নির্মিত হয়ে আসছে ‘ইত্যাদি’। এবার জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি নির্মাণে বেছে নেওয়া হয়েছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী নান্দাইল দীঘির কোলঘেঁষে। বরাবরের মতো ‘ইত্যাদি’র এ পর্বেও দর্শকদের জন্য থাকছে সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী কিছু প্রতিবেদন।

জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি ও দেশের পোলট্রিশিল্পের অগ্রযাত্রার পাশাপাশি এ জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলোর ওপর নির্মাণ করা হয়েছে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন। আরও রয়েছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজেদের নীরবতাকেই যারা শক্তিতে পরিণত করেছেন। থাকছে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বিস্ময়কর শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর একটি বিশেষ প্রতিবেদন। যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি ফুটিয়ে তোলেন।

ঐতিহ্যবাহী নান্দাইল দীঘির কোলঘেঁষে রয়েছে নান্দাইল দিঘি কলেজ। সেই কলেজ প্রাঙ্গণেই বসেছিল হাজারো মানুষকে নিয়ে এবারের ‘ইত্যাদি’র আয়োজন। দীঘির স্বচ্ছ জলরাশি আর প্রাচীন ঐতিহ্যের আবহে মঞ্চের নান্দনিক আলোকসজ্জা পুরো পরিবেশকে এক ভিন্ন রূপ দিয়েছিল। নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠানকে দেখে পুরো জয়পুরহাটজুড়েই বিরাজ করছিল উৎসবমুখর আবহ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে দর্শকদের মধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছিল।

অনুষ্ঠানটি কালাই উপজেলায় আয়োজিত হলেও জেলার অন্যান্য উপজেলা— এমনকি পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও নানা বয়সের হাজারো মানুষ ছুটে আসেন সামনে থেকে ‘ইত্যাদি’ দেখতে। তাই এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান। যার মধ্যে একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটেরই কৃতী সন্তান, দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশীদ আলম। তার শ্রোতাপ্রিয় তিনটি গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এ সংকলিত গানটি।

এবারের চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ‘ইত্যাদি’তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান নতুনরূপে এবং আধুনিক সংগীতায়োজনে পরিবেশন করেছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী জয়পুরহাটের কৃতী সন্তান ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। এ গান দুটির সংগীতায়োজনে ছিলেন উজ্জ্বল সিনহা।

জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয় একটি মনোমুগ্ধকর জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। এটি মনিরুজ্জামান পলাশের কথায় দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন শিল্পী রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন উজ্জ্বল সিনহা। এসকে জাহিদের পরিচালনায় নাচটিতে অংশগ্রহণ করেন স্থানীয় নৃত্যশিল্পীরা। সুরের মূর্ছনা আর নৃত্যছন্দে মুগ্ধ হয়ে উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

বরাবরের মতোই দর্শকপর্বের নিয়মানুযায়ী জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা জয়পুরহাটের অন্যতম প্রধান ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন।

এবারের ‘ইত্যাদি’র নিয়মিত পরিবেশনায় থাকছে কাশেম টিভির রিপোর্টার এবং নাতির প্রাণবন্ত আলাপ। এর ছাড়া চিঠিপত্র পর্ব ছাড়াও থাকছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। থাকছে দেয়ালবন্দি নাগরিক জীবন, চর্চা চাতুর্য, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা, পর্দা সমাচারসহ বেশ কয়েকটি নাট্যাংশ।

এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।

আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে এবারের ‘ইত্যাদি’। ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় বরাবরের মতো ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন হানিফ সংকেত।

এবারের ‘ইত্যাদি’র শিল্পীরা হলেন— সোলায়মান খোকা, মাসুম বাশার, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, জিল্লুর রহমান, তাবেদার ই রসুল চান্নু, আমিন আজাদ, আনোয়ার শাহী, শাহেদ আলী, মামুনুল হক টুটু, নিপু, মুকুল সিরাজ, সুর্বনা মজুমদার, আশরাফুল আলম সোহাগ, সুমন পাটোয়ারী, রাজিব সালেহীন, আনন্দ খালেদ, তারিক স্বপন, আবু হেনা রনি, এমএনইউ রাজু, নূর এ আলম নয়ন, সাবরিনা নিসা, শাওন মজুমদার, সুজাত শিমুল, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম