• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৫:৫৪
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৫:৫৪

রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে প্রধানমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধিতে ভূষিত মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ। একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব সবার পক্ষে এক জীবনে অর্জন করা সম্ভব হয় না। বীর মুক্তিযোদ্ধারা সেই বিরল গৌরবের অধিকারী।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবার কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহিদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।

তারেক রহমান বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক দিনে তিনি মুক্তিযুদ্ধের সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা রাষ্ট্রের দায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেও গর্বিত বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাকেও আন্দোলিত করে।

স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন উল্লেখ করে তারেক রহমান বলেন, এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।

বিএনপি জনগণের রায়ে যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে প্রণয়ন করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন। এসব উদ্যোগ সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে।

বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা ক্লান্ত হয়ে পড়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জীবন সায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিক সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা প্রশংসনীয়। এ উদ্যোগের জন্য তিনি সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম