• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আগামীকাল শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬:০৭
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬:০৭

আগামীকাল শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং বিক্রির সুযোগ বাড়াতে আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানান, ২২ নভেম্বর সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এবারের মেলায় সারাদেশ থেকে প্রায় সাড়ে ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশের মালিক নারী উদ্যোক্তা। মেলায় শুধু দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। কোনো বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন কিংবা বিক্রির সুযোগ থাকবে না।

মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেবেন। পাশাপাশি ‘এক গ্রাম এক পণ্য’ প্রকল্প, এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের উদ্যোক্তারাও নিজেদের পণ্য প্রদর্শন করবেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬’ দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

মেলার প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কার্যক্রম থাকবে। এতে অংশ নেওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করে ঋণসংক্রান্ত তথ্য ও পরামর্শ নিতে পারবেন উদ্যোক্তারা। ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে সমঝোতা হলে মেলা থেকেই ঋণের আবেদন করার সুযোগও থাকবে।

এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। সহজ অর্থায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, এসএমই পণ্যের বাজার সুরক্ষা ও বাজার সম্প্রসারণের মতো বিষয় এসব আয়োজনের আলোচনায় গুরুত্ব পাবে।

সেমিনার ও সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান।

আগামী ২২ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এতে প্রবেশ করতে কোনো ফি লাগবে না। ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মেলার সমাপনী অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধা পেয়েছেন প্রায় ২৫ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা। এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্য মেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। এসব মেলায় প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রির পাশাপাশি প্রায় ১০৯ কোটি টাকার পণ্যের অর্ডার পেয়েছেন উদ্যোক্তারা।

এ ছাড়া ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় এসএমই পণ্য মেলায় অংশ নিয়েছেন প্রায় ৫ হাজার ১০০ উদ্যোক্তা। উদ্যোক্তাদের স্বীকৃতি ও উৎসাহিত করতে এ পর্যন্ত ৭১ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। শিল্প খাতে কর্মরত মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে নিয়োজিত। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম