• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:০২
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:০২

আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়ে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশ পাঠান।

নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। এতে প্রস্তাবিত পদক্ষেপগুলো কেন নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ওই আবেদনে রুল জারির পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হবে।

নোটিশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার সুস্পষ্ট ও স্থায়ী আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। সংসদ অধিবেশন না থাকলে এ বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তির বিধান, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার সুযোগ রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের জন্য স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। কমিশনকে অভিযোগগুলোর পাশাপাশি অর্থায়নের উৎস এবং এতে কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা ছিল কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জাতিসংঘে পাঠানোর প্রস্তাবও রয়েছে।

নোটিশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা জাতিসংঘকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করতে ওয়াশিংটনকে অনুরোধ জানানোর প্রস্তাব করা হয়েছে।

নোটিশে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারার আওতায় জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার আহ্বানও জানিয়েছেন আইনজীবী।

তবে নোটিশে স্পষ্ট করা হয়েছে, বৈধ রাজনৈতিক মতামত প্রকাশ, শান্তিপূর্ণ ভিন্নমত এবং সরকারের সমালোচনাকে কোনোভাবেই শাস্তির আওতায় আনা যাবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম