• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

১০০ টাকার বিনিময়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, আটক ছয় কিশোর

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:২২
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:২২

১০০ টাকার বিনিময়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, আটক ছয় কিশোর
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলার কোতোয়ালী মডেল থানার কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

এদিকে মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং শপথ পাঠ করতে দেখা গেছে। মিছিলে অংশ নেওয়ার জন্য আটক প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আটক ছয়জন হলেন- মাহমুদ মুক্তাদির (১৬), সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)। তাদের মধ্যে দুজন স্কুলশিক্ষার্থী। অন্যরা বিভিন্ন পেশায় যুক্ত।

শুক্রবার রাতে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজনের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর পায় তারা। পরে কোতোয়ালী মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছয় কিশোরকে আটক করে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির পলাতক সদস্য হিসেবে চিহ্নিত জাবির, আবিদ ও মাইনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়ার জন্য আটক প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।

তবে ওই অর্থের উৎস, কারা অর্থ সরবরাহ করেছে, মিছিলের আয়োজক কারা এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে আটক কিশোরদের সংশ্লিষ্টতা এবং মিছিলের নেপথ্যে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।

 

ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিছিলে অংশগ্রহণ, অর্থ লেনদেন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তথ্যপ্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম