• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আন্দ্রে ম্যালরোকে স্মরণ

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:৫৩
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:৫৩

মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আন্দ্রে ম্যালরোকে স্মরণ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং স্বাধীনতার পক্ষে বিশ্ববিবেককে জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও রাজনীতিক আন্দ্রে ম্যালরোকে স্মরণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

রবিবার (২২ নভেম্বর) তার ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকাস্থ ফরাসি দূতাবাসের যৌথ উদ্যোগে স্মরণানুষ্ঠান এবং ‘আন্দ্রে ম্যালরো মেমোরি ওয়াল’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরে দুপুরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও ডা. সারওয়ার আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার।

 

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ম্যালরো। বাংলাদেশের মুক্তিসংগ্রামকে তিনি কেবল গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই নয়, বরং একটি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম হিসেবে অভিহিত করেছিলেন। স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে তিনি ফরাসি তরুণদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানান। এমনকি নিজেও একটি আন্তর্জাতিক ব্রিগেড গঠন করে যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বয়সের কারণে সরাসরি যুদ্ধে যোগ দিতে না পারলেও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে খোলা চিঠি লিখে পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন।

স্বাধীনতার পর ১৯৭৩ সালের ২১ থেকে ২৪ এপ্রিল চার দিনের সফরে বাংলাদেশে আসেন ম্যালরো। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম সফরের পাশাপাশি তিনি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে। ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

সেই সফরের একটি ঘটনা আজও বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও সংহতির অনন্য স্মারক হয়ে আছে। হাসপাতালে এক আহত মুক্তিযোদ্ধা তাকে ফুলের মালা পরিয়ে দিতে চাইলে ম্যালরো মালাটি নিজের গলা থেকে খুলে ওই মুক্তিযোদ্ধার গলায় পরিয়ে দেন। পরে আরেক পঙ্গু মুক্তিযোদ্ধা সব আহত সহযোদ্ধার পক্ষ থেকে তাকে আরেকটি মালা উপহার দেন। ঘটনাটি স্মরণ করে ম্যালরো বলেছিলেন, ফ্রান্স একজন মানুষকে আহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাত মেলাতে পাঠিয়েছিল, আর বিনিময়ে তিনি পেয়েছেন ফুলের পর ফুল।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ ১৯৭৩ সালে ম্যালরোকে মালা পরিয়ে দেওয়া সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিচয় অনুসন্ধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে। ৫৩ বছর পর সেই মুক্তিযোদ্ধা কোথায় আছেন, কেমন আছেন, তা জানার আগ্রহ প্রকাশ করেন আয়োজকরা। প্রদর্শনীর মাধ্যমে ম্যালরোর অবদান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে তার আত্মিক সংযোগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ২৩ নভেম্বর মৃত্যুবরণ করেন ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আন্দ্রে ম্যালরো। তার ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় ফরাসি সপ্তাহেরও আয়োজন করেছে ফ্রান্স দূতাবাস।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম