শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ নিহতের তথ্য নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে মোট ৪৪ জন পুলিশ নিহত হয়েছিলেন, ‘শত শত পুলিশ’ নিহত হননি। এছাড়া কোনো গর্ভবতী নারী পুলিশ নিহত হওয়ার ঘটনাও ঘটেনি। জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন মোট ৪৪ জন পুলিশ নিহত হয়েছিলেন বলে পুলিশের সদর দপ্তর থেকে নামের তালিকাসহ জানানো হয়েছিল। শত শত পুলিশ নিহতের দাবিটি মিথ্যা। এ ছাড়া গণ-অভ্যুত্থানের পর কৃত্রিম বুফদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ছড়িয়ে দাবি করা হয়েছিল আন্দোলনে একজন গর্ভবতী নারী পুলিশ নিহত হয়েছেন। এ দাবিটিও মিথ্যা। নিহত পুলিশ সদস্যদের মধ্যে কোনো নারীই ছিলেন না।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি জানিয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, অপতথ্য ও গুজব ছড়ানো শনাক্ত করা হয়েছে।











