ফরিদপুর প্রতিনিধি
ছবি : সংগৃহীত
দেশের মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, অন্য কোনো উপায়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশে ফিরতে পারবেন না। সেই দলের নেত্রী দেশে ফিরলে তার জায়গা হবে কারাগারে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিশ্বরোড এলাকায় উপজেলা যুবদলের আয়োজনে ‘আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। যে নেতা পালিয়ে যাওয়ার সময় দলের নেতা-কর্মী, আত্মীয়স্বজনসহ সবাইকে নিয়ে দেশ ছেড়ে চলে যান, তিনি আর কখনো ফিরে আসতে পারবেন না। ডিসেম্বর যাবে, জানুয়ারি যাবে, ফেব্রুয়ারি যাবে, মার্চ যাবে-তবুও আওয়ামী লীগ আর কোনো দিন এ দেশে ফিরে আসতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘লগি-বৈঠার রাজনীতি, পেট্রলবোমার রাজনীতি ও সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করেছিলেন, অথচ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেই বার্ন ইউনিটে পাঠানো হতো। পরে আবার ক্যামেরা নিয়ে সেই ঘটনাগুলো ধারণ করতে যেতেন তারা।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “দেশের মানুষ আর কারও কথায় নাচবে না। একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, ‘হাসিনারে, হাসিনা তোর কথায় নাচি না’। সে সময় মানুষকে ভয় দেখিয়ে দমনের চেষ্টা করা হলেও জনগণ শেষ পর্যন্ত নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে।”
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশে বসে আপনারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ, গুম ও খুনসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুন করে তাদের পরিবারের বুক খালি করেছেন। এখন নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে ফ্যাসিবাদীদের যেকোনো ধরনের আন্দোলন ও নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।












