শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
কবিতার রাজ্যে কে বড় কবি আর কে ছোট কবি, সেই তারতম্য নেই। প্রত্যেকেই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট হয়ে সেখানে বিচরণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার (২২ নভেম্বর) রাতে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে তিনি এসব কথা বলেন।
নিজেকে কবিতা বা সাহিত্যের তাত্ত্বিক ব্যক্তি নন বলে উল্লেখ করে রিজভী বলেন, ‘শাহিন রেজা আমাকে যেভাবে উপস্থাপন করেছেন, আমি মোটেও কবিতা বা সাহিত্যের লোক নই। সাহিত্য ও কবিতা নিয়ে কীভাবে কথা বলতে হয়, এর ব্যাকরণটাও আমি জানি না; এর একটা আলাদা ধরন আছে। টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অথবা প্রযুক্তির কল্যাণে পৃথিবীর নানা দেশের ও উপমহাদেশের সাহিত্য নিয়ে যেসব আলোচনা শুনি বা দেখি, সেগুলোর আঙ্গিক সম্পূর্ণ ভিন্ন।’
কবিদের নিয়ে ছোটবেলার প্রচলিত ধারণা বদলে যাওয়ার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘অনেকের ধারণা, কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ তাদের চলাফেরা ও কথাবার্তা একটু ভিন্ন টাইপের হয়। ছোটবেলা থেকে আমার এমনটাই ধারণা ছিল। আরেকটি বড় ধারণা ছিল, কবিরা বোধহয় ছয় মাস গোসল করে না! কিন্তু পরে স্টালিনকে দেখে আমার মনে হলো, না, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। কবিরা অত্যন্ত স্মার্ট ও পরিষ্কার-পরিচ্ছন্ন হন। স্টালিনকে দেখে আমাদের সেই পূর্বধারণা ভেঙে গেছে। জীবনযাপন ও চলাফেরা সবকিছুর মধ্য দিয়ে সে সমাজের একজন অগ্রগণ্য মানুষ।’
কবিতার প্রেরণা ও নারী প্রসঙ্গে এক বাংলার শিক্ষকের গল্প শুনিয়ে রিজভী বলেন, ‘কবি যখন বিখ্যাত হন, তখন পৃথিবীর অনেক খ্যাতিমান কবিদের ক্ষেত্রেই দেখেছি খুব সাবধানে চলতে হয়। আমি এজন্য স্টালিনকে জানতাম এবং তাকেও সাবধানে চলতে বলতাম। দুই নম্বর বিষয় হচ্ছে, কবিতা লেখার প্রেরণার জন্য কবির অনেক নারী বন্ধু জুটে যেতে পারে, আর নারী বন্ধু জুটে গেলে প্রেরণা তো আসবেই।’
তবে আমাকে আমার এক বাংলার শিক্ষক বলেছিলেন, ‘দেখো, কবিদের বেশি জড়িয়ে পড়া যাবে না। কবিতা লেখার প্রেরণার জন্য হয়তো নারীরা আসবে, কিন্তু পুকুরে একটা ঢিল মেরে পাশ দিয়ে চলে যেতে হবে। বেশি গভীরে যাওয়া যাবে না; বেশি গভীরে গেলেই কাব্যপ্রতিভা একেবারে ধ্বংস হয়ে যাবে। জাস্ট একটু টাচ করে সাইড দিয়ে চলে যেতে হবে।’
আমাদের সেই শিক্ষক খুব নামকরা ছিলেন, কেউ তার ক্লাস মিস করতাম না।
কবি স্টালিনের জনসংযোগ দক্ষতা ও পারিবারিক জীবনের প্রশংসা করে রিজভী বলেন, ‘সবার সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে; কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হলে তার মতো যোগ্যতাসম্পন্ন দ্বিতীয় কেউ হতেন কি না সন্দেহ। তবে প্রচণ্ড সামাজিক হওয়া সত্ত্বেও দিনশেষে স্ত্রী ও কন্যার কাছেই ফিরে যান তিনি। আমরা প্রতিনিয়ত আড্ডা দিচ্ছি কোনোদিন সারাদিন, কোনোদিন সন্ধ্যা থেকে সারাক্ষণ কথা বলছি। কিন্তু এর মাঝেও ভাবী কী কী বলেছেন পেঁয়াজ কিনতে হবে, ছোট মাছ কিনতে হবে, লবণ কিনতে হবে এগুলো তার মাথার মধ্যে সবসময় কাজ করে এবং বাজার নিয়েই তাকে বাড়িতে ফিরতে হয়। এটি তার একটি অসাধারণ গুণ।’
স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী জানান, তিনি কবিতার গভীরে যেতে না পারলেও একজন কাব্যরসিক ও কাব্যপ্রেমী। এরশাদবিরোধী আন্দোলনের সময় ও কারাবাসের দিনগুলোতে কবি মোহন রায়হানের উদ্দীপনামূলক কবিতাগুলো তাদের অনুপ্রাণিত করত। সে সময় ভিন্ন ছাত্র সংগঠন করলেও স্বৈরাচারবিরোধী লড়াইয়ে অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়েছিলেন এবং বন্ধু ও সহপাঠীদের পাশাপাশি সহপাঠিনীদের মনোযোগ আকর্ষণের জন্যও সেসব কবিতা আওড়াতেন বলে জানান তিনি।
কবি স্টালিনকে ‘স্বায়ত্তশাসিত ও সার্বভৌম’ কবি হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, ‘সে তার কবিতায় এমন একটি অন্তর্জগৎ গড়ে তুলেছে, যার প্রতিফলন প্রতিটি অক্ষর ও বাক্যে ফুটে ওঠে। কখনোই নিজের সার্বভৌম সত্তাকে বিসর্জন দেয়নি বলেই নিজস্ব একটি ধারা তৈরি করতে পেরেছে।’
বক্তব্যে ইংরেজ কবি পি. বি. শেলীর ‘পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অফ দ্য ওয়ার্ল্ড’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর হতে আহরি বচন বা আনন্দলোকে করি বিরচন’ পঙক্তি উদ্ধৃত করে রিজভী বলেন, ‘নিজের অন্তর থেকে বাণী আহরণ করে পাঠককে সেই আনন্দলোকে বিচরণ করানোর ক্ষমতাই একজন কবির বড় সার্থকতা। সবশেষে রেজাউদ্দিন স্টালিনের দীর্ঘায়ু ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।’












