• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকারকে বিপদে ফেলতে চাইলে ‘গণশত্রু’ হিসেবে চিহ্নিত হবেন: দুদু

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১২:৫৭
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১২:৫৭

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে বর্তমান সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করবেন, তারা আগামী দিনে ‘গণশত্রু’ হিসেবে চিহ্নিত হবেন।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে শামসুজ্জামান দুদু বলেন, সংসদের বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। বিরোধীদল যেভাবেই কথা বলুক না কেন, এখনো পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে সে ধরনের অবস্থান গ্রহণ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দলবল ও আত্মীয়-স্বজন দেশের জন্য কতটা অপ্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছেন, তা তাদের বোঝা উচিত।

তিনি দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের মধ্যে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও তাদের রক্ষা করা কঠিন হবে; জনগণের হাতে ধরা পড়লে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা মুশকিল।

নিজের দোষ ও অপশাসনের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন উল্লেখ করে দুদু অভিযোগ করেন, এরপরও দেশে বিশৃঙ্খলা, মানুষ হত্যা ও আগুন-সন্ত্রাসের মতো কর্মকাণ্ড শুরু করা হয়েছে।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশটি বাংলাদেশকে ‘ফোকলা’ করে ফেলেছে দাবি করে তিনি বলেন, এমন কোনো খাত নেই, যেখান থেকে তারা লাভের টাকা নিয়ে যায়নি।

আওয়ামী শাসকগোষ্ঠীর রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের পাশে সম্মিলিতভাবে দাঁড়ানোর আহ্বান জানান শামসুজ্জামান দুদু। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, দেশকে এগিয়ে নেওয়া এবং কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জীবন-জীবিকা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ দেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, সাত-আট মাসে বিপদ কেটে গেছে—এমনটি মনে করার কোনো কারণ নেই; বিপদ এখনো রয়ে গেছে এবং এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এখনো রাজপথে সরকারের প্রশংসা করার লোকের সংখ্যাই বেশি, আর যারা প্রশংসা করতে ব্যর্থ হন, তারা সীমান্তের ওপারে রয়েছেন এবং ভালো কিছু চোখে দেখতে পারেন না।

জিয়াউ রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান, এবং দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম