• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটে বিএনপির বিক্ষোভ কর্মসূচি মঙ্গলবার, সফলের আহ্বান আরিফুল হক চৌধুরীর

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:৪৬
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:৪৬

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ দলের চলমান নাশকতার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সিলেট বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বড় এই কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ রোববার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন- দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। পাড়া-মহল্লা ও প্রতিটি এলাকায় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে কেউ জনগণের জান-মালের ক্ষতি করতে না পারে। আগামী ২৪শে নভেম্বর আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ থেকে সব ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর বার্তা দেয়া হবে। সভাপতির বক্তব্যে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন-রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা বা নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। বিগত সময়ের অপশাসন ও অত্যাচারের কারণে দেশের মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের যেকোনো নৈরাজ্য রুখে দিতে সিলেটের জাতীয়তাবাদী শক্তি রাজপথে সক্রিয় রয়েছে। ২৪শে নভেম্বরের কর্মসূচি সফল করতে জেলা ও মহানগরের সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ ও কুটিরশিল্প-বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

মতবিনিময় সভায় আরও রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক প্রমুখ। সভায় আগামী ২৪শে নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মিছিল সফল করতে বিএনপি ও অঙ্গ-সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম