শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশের চলমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় তার সঙ্গে বৈঠকে বসবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলগুলোকেও সংলাপে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।
বিএনপি ও এনসিপির দুই পক্ষই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো এখন পর্যন্ত আমন্ত্রণ পায়নি বলে জানা গেছে। বিএনপির সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে অন্য দলগুলোকেও সংলাপের প্রস্তাব দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বেশিরভাগ রাজনৈতিক নেতা ইতিবাচক হিসেবে দেখলেও সংলাপের ফল নিয়ে সংশয় রয়েছে। জামায়াতসহ ১১ দলীয় জোট জাতীয় ঐক্যের শর্ত হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে। অন্যদিকে সংসদের বাইরে থাকা বাম দলগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলে তারা সংলাপে অংশ নেবে। তবে জামায়াত, এনসিপি ও বিএনপির মধ্যে কোনো রাজনৈতিক সমঝোতা বা ঐক্যের অংশ হবে না তারা।
রাজনৈতিক দলগুলোর এমন ভিন্ন অবস্থানের মধ্যে প্রধানমন্ত্রীর সংলাপ কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েক দিনের অস্থিরতায় সরকার ও বিএনপি উদ্বিগ্ন। এই কারণে সরকার এখন মিত্র দলগুলোর পাশাপাশি বিরোধী দলগুলোকেও কাছে পেতে চায়।
বিশেষ করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ক্ষমতাসীন দল বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর, বেশ কয়েকটি স্থাপনায় আগুন এবং নড়াইলসহ বিভিন্ন স্থানে অন্তত চারজন নিহত হওয়ার ঘটনায় সরকার উদ্বিগ্ন। সামনে এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এককভাবে কতটা সফল হবে, তা নিয়েও সংশয় রয়েছে। এ কারণে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার।
এ ক্ষেত্রে আওয়ামী লীগবিরোধী ও জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী, তাদের অন্যতম মিত্র এনসিপিসহ অন্য দলগুলোকে কাছে পেতে চায় সরকার। যদিও জামায়াতসহ ১১ দলের পক্ষ থেকে সরাসরি সরকারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়নি, তবে তারা নিজস্ব অবস্থান থেকে নাশকতাবিরোধী একাধিক সভা-সমাবেশ করছে।
ইতোমধ্যে জামায়াত ৪০ দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয় সংসদেও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
একই মনোভাব ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে দুই নেতার মধ্যে একান্ত বৈঠকও হয়েছে। এসব কর্মকাণ্ডে দুই পক্ষের মধ্যে একধরনের ঐক্যের আবহ তৈরি হয়েছে। তবে জামায়াতসহ ১১ দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যের শর্ত হিসেবে সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে সংসদের বাইরে থাকা বাম রাজনৈতিক দলগুলো জানিয়েছে, সরকারপ্রধান ডাকলে তারা সংলাপে অংশ নেবে। তবে জামায়াত, এনসিপি ও বিএনপির মধ্যে ভাগাভাগির কোনো ঐক্যে তারা থাকবে না।
এনসিপির সঙ্গে সংলাপের এজেন্ডা কী
চলমান পরিস্থিতিতে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে যমুনায় যাবেন এনসিপির নেতারা। সেখানে মধ্যাহ্নভোজের পর প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হবে। দলের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম।
বৈঠকের মূল এজেন্ডা কী হবে, জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠকের নির্দিষ্ট কোনও এজেন্ডা নেই। তবে ধারণা করা হচ্ছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে আমরা আমাদের উদ্বিগ্নতার কথা জানাবো। বিশেষ করে সরকার বিগত দিনে যে ভুলগুলো করেছে, তা তুলে ধরবেন শীর্ষ নেতারা। পাশাপাশি এ মুহূর্তে সরকারের করণীয় সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে।’
এর আগে সর্বশেষ ২২ নভেম্বর লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হতে হবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দেওয়া।
কী চায় জামায়াত
দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতার বিরুদ্ধে ঐক্যের কথা সংসদে ও বাইরে বলে আসছে ক্ষমতাসীন দল বিএনপি এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হলে দুই পক্ষের সংসদ সদস্যরাই টেবিল চাপড়ে সমর্থন জানান। রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, প্রাথমিকভাবে এটি ইতিবাচক।
সবশেষ সংসদ অধিবেশনে প্রথমে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে ছিলেন। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে।
একই দিন সংসদে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসতে হবে। সংসদে বক্তব্য দেওয়ার পর একই দিন একান্ত বৈঠকে বসেন দুই নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক কেন্দ্রীয় নেতা বলেন, তারা বিরোধী দল হলেও আওয়ামী লীগের প্রশ্নে এই সরকারকে টিকিয়ে রাখার পক্ষে। তার মতে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এতটা নির্দয় নন। তাই তাদের পক্ষ থেকে গঠনমূলক সমালোচনা হলেও তারা সরকারকে টিকিয়ে রাখার পক্ষে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী সংলাপে ডাকলে তারা সাড়া দেবেন। তবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলেই জাতীয় ঐক্যের বিষয়টি বিবেচনা করবেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে রবিবার (২২ নভেম্বর) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপ করবেন বলে শুনেছি। তবে এ ব্যাপারে কোনও সুনির্দিষ্ট তারিখ আমাদের জানা নেই।’ তিনি জানান, আমন্ত্রণ পেলে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।
সংসদের বাইরে থাকা দলগুলোর অবস্থান
প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংসদের বাইরে থাকা কয়েকটি রাজনৈতিক দলের নেতা। আমন্ত্রণ পেলে সংলাপে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও জাতীয় ঐক্যের ধরন কী হবে, তা দেখেই নিজেদের অবস্থান জানাবেন তারা।
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অন্যতম শরিক আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বাংলা ট্রিবিউনকে বলেন, তারা এখনও আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ পেলে অবশ্যই সাড়া দেবেন। তবে জাতীয় ঐক্যের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত না জেনে এখনই কিছু বলতে চান না।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফী (রতন) বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। যদিও তারা এখনও আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ পেলে অংশ নেবেন। তবে সরকারের সঙ্গে জামায়াত ও এনসিপির ঐক্য হলে সেখানে তারা থাকবেন না।
অন্যদিকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি এখনও আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ পেলে অবশ্যই অংশ নেবেন। তিনি বিষয়টিকে প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করেন।
কতটা আশাবাদী বিএনপি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য চান সরকারপ্রধান। এর অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) প্রথম দিন এনসিপির সঙ্গে সংলাপে বসছেন তিনি। পর্যায়ক্রমে অন্য দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে।’
সংলাপের মূল এজেন্ডা সম্পর্কে তিনি বলেন, ‘এ মুহূর্তে ফ্যাসিবাদবিরোধী ঐক্যকেই আমরা গুরুত্ব দিচ্ছি। আশা করি, দেশের প্রয়োজনেই প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক ফলপ্রসূ হবে।’












