• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:২২
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:২২

 

সরকার জনগণের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী, এ কথা উল্লেখ করে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ এবং প্রত্যেক নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত রাখতে সরকার দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আলোকি-তে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন আয়োজিত ‘১৬ দিনের অ্যাক্টিভিজম: জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে’ (16 Days of Activism Against Gender-Based Violence) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ নিজেকে বঞ্চিত ভাববে না এবং নারীরা তাদের প্রাপ্য মর্যাদা পাবে। তিনি জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তা দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে ভুক্তভোগীরা এক জায়গা থেকেই সব ধরনের সেবা পাবেন।

নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া এ সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।

অনুষ্ঠানে অন্য বক্তারা বৈশ্বিক চিত্র তুলে ধরে বলেন, ১৯৯৫ সালে পৃথিবীর মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন ছিল; ২০২৫ সালে সে সংখ্যা বেড়ে ১০৪টিতে পৌঁছেছে। তবু বিশ্বজুড়ে নারীরা এখনো নানা উপায়ে নির্যাতনের শিকার হচ্ছেন, আর এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা (টেকনোলজি-ফ্যাসিলিটেটেড ভায়োলেন্স)। বক্তারা বাংলাদেশে নারী নির্যাতন-সংক্রান্ত বিদ্যমান আইনগুলোকে আরো সময়োপযোগী করার পাশাপাশি কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীর অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী Carol Flore-Smereczniak। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি অতিথি, জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম