ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আগের বছরের তুলনায় অনেক বেশি আমানত সংগ্রহ করলেও বাড়তি এই অর্থ থেকে ঋণ বিতরণ করছে নামমাত্র। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
ব্যাংক ছয়টি হলো—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংক। এ বছরের জুনে ব্যাংকগুলোর আমানত আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ১১ শতাংশ। অথচ এ সময়ে ঋণ বিতরণ বেড়েছে ১ শতাংশের কম।
মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ প্রতিবেদন তৈরি করেছে। বিভাগের সচিব নাজমা মোবারেক সম্প্রতি ছয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করে তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রতিবেদনটি প্রস্তুত করেন।
প্রতিবেদনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, আমানত প্রায় ৫১ হাজার ৭০০ কোটি টাকা বাড়লেও ঋণ বিতরণ বেড়েছে মাত্র ৩ হাজার কোটি টাকা।
২০২৫ সালের ডিসেম্বরে ঋণ বিতরণ করা হয় ৩ লাখ ২৮ হাজার ৮০৬ কোটি টাকা। অথচ, ২০২৬ সালের প্রথম ৬ মাসে ঋণ বিতরণ এর প্রায় ১ দশমিক ৮৫ শতাংশ কমে গেছে।
প্রতিবেদনে বলা হয়, ঋণের সঙ্গে যোগ হওয়া সুদ বাদ দিলে ঋণ প্রবৃদ্ধির হার আরও কম দেখাত।
ব্যাংকগুলো ঋণ বিতরণের সক্ষমতা পরিমাপ করা হয় অ্যাডভান্স-ডিপোজিট রেশিও (এডিও) বা ঋণ-আমানত অনুপাতের মাধ্যমে। এই অনুপাত দিয়ে বোঝা যায় একটি ব্যাংক প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে কত টাকা ঋণ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সর্বোচ্চ সীমা ৮৫ শতাংশ হলেও এই ছয় ব্যাংকের গড় এডিআর ৬০ শতাংশের কাছাকাছি।
গত ডিসেম্বর থেকে জুনের মধ্যে ছয়টি ব্যাংকেরই এডিআর কমেছে। এর মধ্যে সোনালী ব্যাংকের এডিআর ৫৮ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে নেমেছে, আর জনতা ব্যাংকের এডিআর সর্বোচ্চ ৮১ শতাংশ।
এক বছরে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা এবং প্রকৃত ঋণ বিতরণের মধ্যকার ব্যবধান বেড়েছে প্রায় ৪১ শতাংশ। জুনের শেষে ৬ ব্যাংকের মোট ঋণ বিতরণ হয়েছে প্রায় ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা।
মার্চে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আমানত প্রায় ১২ শতাংশ বেড়েছিল, যা পুরো ব্যাংকিং খাতের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। অথচ, একই সময়ে তাদের ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৪ শতাংশ—যা এ খাতে সর্বনিম্ন। এ সময়ে পুরো ব্যাংকিং খাতের গড় ঋণ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ১ শতাংশ।
তখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এডিআর ছিল প্রায় ৬৭ শতাংশ। বিপরীতে বেসরকারি ব্যাংকগুলোর ছিল প্রায় ৮০ শতাংশ এবং পুরো ব্যাংকিং খাতের গড় ছিল ৭৬ শতাংশ।
দেশের পুরো ব্যাংকিং ব্যবস্থার মোট আমানতের ২৪ শতাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাছে থাকলেও, মোট ঋণে তাদের অংশীদারত্ব মাত্র ১৯ শতাংশ।
অন্যদিকে, ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে চিত্রটি ঠিক উল্টো। পুরো খাতের মোট আমানতের ১৭ শতাংশ এই ব্যাংকগুলোর হাতে থাকার পরও মোট ঋণের ২৭ শতাংশ দিয়েছে তারাই।
ঋণ বিতরণে ধীরগতির কারণ
রূপালী ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা দ্য ডেইলি স্টারকে বলেন, ব্যাংকিং ব্যবস্থায় তহবিলের কোনো অভাব নেই।
তার মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা, ঋণের উচ্চ সুদহার এবং ব্যাংকগুলোর অতি-সতর্ক অবস্থানের কারণে ঋণ বিতরণে স্থবিরতা দেখা দিয়েছে। এছাড়া ঋণ পাওয়ার যোগ্য গ্রাহকের অভাব এবং বাড়তি ঝুঁকি নিতে ব্যাংকগুলোর অনীহাকেও কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
পাশাপাশি মূলধন ঘাটতি ও প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের বাধ্যবাধকতা অনেক ব্যাংকের নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমিয়ে দিয়েছে।
‘ফলে দুর্বল ব্যালেন্স শিটের ব্যাংকগুলো নতুন ঋণ দেওয়ার চেয়ে খেলাপি ঋণ আদায়ে বেশি মনোযোগ দিচ্ছে। পরবর্তীতে জবাবদিহির মুখে পড়ার ভয়ে ব্যাংক কর্মকর্তারাও নিরাপদ অবস্থানে থাকার চেষ্টা করছেন,’ বলেন নজরুল হুদা।
তিনি ব্যবসায়িক কারণগুলোর কথাও উল্লেখ করে বলেন। এর মধ্যে আছে বাজারে ঋণের চাহিদা কম, মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কম, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ এবং দাম নিয়ে অনিশ্চয়তা। এসব কারণে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, ‘লেনদেনের খরচ কম হওয়ায় ব্যাংকগুলো প্রায়ই বড় করপোরেট ঋণগ্রহীতাদের প্রাধান্য দেয়। ফলে এসএমই খাতে অর্থায়ন অব্যবহৃত থেকে যাচ্ছে।’
এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ ডেইলি স্টারকে বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলসহ দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং জনগণের আস্থার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সহজেই আমানত পেয়ে থাকে। অন্যদিকে দ্রুত সেবা ও নমনীয়তার কারণে বড় ব্যবসায়ীরা বেসরকারি ব্যাংককে বেছে নেন। বেসরকারি ব্যাংকগুলো গাড়ি ও ফ্ল্যাট ঋণের মতো বহুমুখী ঋণও দেয়। ফলে এসব খাতে বেসরকারি ব্যাংকগুলো এগিয়ে রয়েছে।’
নাজনীন আহমেদ মনে করেন, ভবিষ্যতেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রাসঙ্গিকতা থাকবে। তবে তাদের আরও দক্ষতার সঙ্গে পরিচালিত হতে হবে, ঋণের বৈচিত্র্য বাড়াতে হবে এবং আরও কার্যকর ব্যবসায়িক কৌশল গ্রহণ করতে হবে।
ঋণ প্রবৃদ্ধির ধীরগতির পেছনে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশকেও দায়ী করেন তিনি। এই বিশ্লেষক বলেন, ‘খেলাপি ঋণ বাড়লে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাওয়ার কথা। কিন্তু বর্তমানে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত তহবিল থাকা সত্ত্বেও বেসরকারি খাতে ঋণের চাহিদা কম। এটি ইঙ্গিত দেয় যে উদ্যোক্তারা হয় নতুন বিনিয়োগে আগ্রহী নন, অথবা তারা বিনিয়োগ পরিবেশকে প্রতিকূল হিসেবে দেখছেন।’
মন্ত্রণালয় যা চায়
ছয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে তাদের মুখ্য ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
দ্য ডেইলি স্টারের হাতে আসা ওই বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, সচিব বলেছেন কুটির, এসএমই, কৃষক, নারী, নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী অন্যান্য খাতে ঋণ বিতরণ যেন বাড়ানো হয়।
বেশিরভাগ ব্যাংকের সমন্বিত এডিআর বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমার নিচে থাকায় বর্তমান আমানতের একটি অংশ মানসম্মত ও আয় বৃদ্ধিকারী সম্পদে রূপান্তর করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে তিনি সতর্ক করে বলেন, ‘শুধু এডিআর বাড়ানোর জন্য ঋণের মানদণ্ড কোনোভাবেই শিথিল করা যাবে না।’
ঋণ প্রস্তাব মূল্যায়ন, নগদ অর্থের প্রবাহ, ঋণের অর্থের সঠিক ব্যবহার যাচাই, ঋণ বিতরণের পর তদারকি এবং নির্দিষ্ট ব্যক্তি বা খাতে ঋণ কেন্দ্রীভূত হওয়ার বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেওয়ার নির্দেশ দেন নাজমা মোবারেক।
এসএমই অর্থায়ন আরও কার্যকর করতে প্রতিটি শাখাকে মাসে অন্তত দুটি যোগ্য ও ব্যাংকঋণ পাওয়ার উপযোগী ঋণ প্রস্তাব শনাক্ত করার লক্ষ্যমাত্রা এবং ন্যূনতম অর্থায়নের লক্ষ্য বেঁধে দেওয়ার পরামর্শ দেন আর্থিক বিভাগের সচিব।
তবে শুধু বিতরণ করা ঋণের পরিমাণের ওপর ভিত্তি করে কাজের মূল্যায়ন করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ঋণ পরিশোধের হার, পোর্টফোলিওর মান, অর্থের উৎপাদনশীল ব্যবহার এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও বিবেচনায় নিতে হবে।’
প্রতিবেদনে দেখা যায়, অগ্রাধিকার খাতগুলোর মধ্যে গত ডিসেম্বর থেকে জুনের শেষ নাগাদ ছয় ব্যাংকের এমএসএম ঋণ ২ শতাংশ কমে প্রায় ৫৬ হাজার কোটি টাকায় নেমেছে। তবে, ব্যতিক্রম ছিল কৃষিখাত।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০২৫-২৬ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৪ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা জাতীয় লক্ষ্যমাত্রার প্রায় এক-দশমাংশ। শুধু বিডিবিএল এই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে।













