• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

মতামত

সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের স্পষ্ট বার্তা থাকা উচিত

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৫:৪৬
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৫:৪৬

 

আনু মুহাম্মদ
বহুদিনের পুরোনো অনেক অভিযোগের নিষ্পত্তি না করায় তা ক্ষোভে প্রকাশিত হয়। শ্রমিক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর ন্যায্য দাবিদাওয়া রাষ্ট্রীয় বৈরিতার শিকার হলেও সংঘবদ্ধ জনবিরোধী বৈষম্যবাদী অপতৎপরতায় সরকারের নিষ্ক্রিয়তা আমাদের উদ্বিগ্ন করছে। বৈষম্যহীন বাংলাদেশ সন্ধান করতে হলে এগুলো নিয়ে প্রশ্ন তুলতে হবে। সরকারের সুনজর দেশের আপাময় জনতার দিকে থাকতে হবে।…

 

সমাজের মধ্যে দীর্ঘ সময় ধরে চলছে স্বৈরশাসনের রাজনীতি ও লুণ্ঠনের অর্থনীতি। এটার ধরন এমন যে, এ ব্যবস্থার কারণে নানা বিকৃতি তৈরি হয়। এ ব্যবস্থার ভেতরে জন্ম নিয়েছে সাংঘাতিক রকমের অসহিষ্ণুতা। ভিন্ন চিন্তা, ভিন্ন পরিচয়, ভিন্ন লিঙ্গ, ভিন্ন মত–যা কিছু নিজের থেকে আলাদা তার প্রতি বিদ্বেষ ও আক্রমণ। নিজেরা যা বলবে, যেভাবে পোশাক পরবে, যেভাবে জীবন যাপন করবে, যেভাবে ধর্ম মেনে চলবে–অন্যরা সেভাবে মেনে না চললে আক্রমণ করতে হবে। এ ধরনের ফ্যাসিবাদী চিন্তা সমাজে ব্যাপকভাবে বিস্তার করেছে। তারই একটি প্রকাশ অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেছে। ক্ষমতাবানদের কাছ থেকে পৃষ্ঠপোষকতা পেলে ফ্যাসিবাদী চিন্তা ডালপালা ছড়ায়। অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেছে, অনেক ঘটনায় তারা নিষ্ক্রিয় ছিল, নমনীয় ছিল, অনেক ঘটনায় তাদের পৃষ্ঠপোষকতা ছিল। কোনো কোনো ঘটনার ক্ষেত্রে বৈধতা দেওয়ার চেষ্টা ছিল। ফলে মব সহিংসতা আরও ডালপালা ছড়িয়েছে।

বিএনপি সরকারের বয়স বেশি নয়। স্বরাষ্ট্রমন্ত্রী মব সন্ত্রাস আর হবে না বলেছিলেন। এখন পর্যন্ত আশা করা যেতে পারে, এ সরকার মবের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। ভিন্ন জাতি, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের ওপর আক্রমণের ব্যাপারে সজাগ থাকবে। মব সহিংসতার ঘটনায় দেখা গেছে, ধর্মীয় নেতাদের কারও কারও ব্যাখ্যা হামলাকারীদের শক্তি জোগায়। হামলা ও হত্যার পক্ষে নানা ব্যাখ্যা দিয়ে যুক্তি দাঁড় করানো হয়। নিজ ধর্মের মানুষের ওপর হামলাকেও জায়েজ করা হয়। এ ধরনের ঘটনার পেছনে ক্ষমতাবান বা ধর্মীয় নেতাদের পৃষ্ঠপোষকতা থাকলে তা ভয়ংকর আকার ধারণ করে। সেটা এখন আমরা দেখছি। আক্রমণ হচ্ছে। এতে কিছু ধর্মীয় নেতাদের উসকানি, ক্ষমতাবান কিছু গোষ্ঠীর সমর্থন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা আছে।

সরকার দায়িত্বে থাকা অবস্থায় হামলা হয়েছে। কাজেই সরকারের দায় আছে। সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশসহ প্রশাসনিক ব্যবস্থায় সরকারের স্পষ্ট বার্তা থাকা উচিত। অন্তর্বর্তী সরকারের সময়ে মাজার ভাঙা হয়েছে, বাউলদের অনুষ্ঠানে হামলা করা হয়েছে। ফলে এই গোষ্ঠী নিয়ে পুলিশের সতর্ক থাকা উচিত ছিল। আগে যেসব হামলা হয়েছে, সেসব নিয়ে সরকারের উচিত তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করে ব্যবস্থা নেওয়া। আগে বিচার হয়নি বলে আবার একই ঘটনা ঘটেছে। বিচার না করলে বুঝতে হবে সরকারের সমর্থন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইন-আদালতের মাধ্যমে সরকারকে এখন সহিংসতা পরিস্থিতি সামাল দিতে হবে। যেসব গোষ্ঠী হামলা করছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তারা ফ্যাসিবাদী রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য উসকানি দিয়ে সংঘবদ্ধ হামলা করে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইছে। এই ফ্যাসিবাদী চিন্তার কাঠামোর বিরুদ্ধে সামাজিকভাবে শক্তিশালী আন্দোলন ছাড়া এ থেকে বের হওয়া যাবে না। সরকারকে রেডিও, টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারাভিযান চালাতে হবে। সরকারকে বলতে হবে, জাতি, লিঙ্গ যা-ই হোক, সব মানুষের সাংবিধানিক অধিকার রয়েছে। বৈচিত্র্যের পক্ষে ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে প্রত্যেককে। এ ধরনের হামলার বিরুদ্ধে সবাইকে শক্ত কণ্ঠে সোচ্চার হতে হবে।

১৯৭১-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের মধ্যে বিশাল প্রত্যাশা তৈরি করেছিল। সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবে তার প্রতিফলন সংবিধানের একটি অংশে এখনো আছে। যা জাতি, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্যবিরোধী অবস্থান ঘোষণা করে। সংবিধানের এই অংশে বলা হয়েছে সব নাগরিককে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানের দায় রাষ্ট্রের। সাংবিধানিক নীতিগুলো যে অন্যান্য আইনের ঊর্ধ্বে এমন একটি বিধানও রয়েছে। কিন্তু ক্ষমতা কেন্দ্রীভূত রাখার তাড়নায়, বিভিন্ন সরকারের আমলে, এগুলো বরাবর অকার্যকর করে রাখা হয়েছে। উপরন্তু সংবিধানের একের পর এক সংশোধনীর মধ্য দিয়ে এগুলো নিছক অলঙ্কারে পরিণত করে এর বিপরীতে বহুরকম বৈষম্য ও নিপীড়নমূলক এবং সাম্প্রদায়িক বিধানই প্রধান হয়ে উঠেছে সংবিধানে। সেজন্য ১৯৭২ সালের সংবিধান বৈপরীত্যে ভরা একটি ধাঁধা। এটি একদিকে সাম্য ও ন্যায়বিচারের কথা বলে কিন্তু অন্যদিকে ক্ষমতাকে কেন্দ্রীভূত করে বৃহত্তর কর্তৃত্ববাদের পথ প্রশস্ত করেছে, জাতি-ধর্ম বৈষম্যের পথ প্রশস্ত করে। সর্বজনের হাত থেকে দেশ মুষ্টিমেয়র হাতে চলে যাওয়ার প্রতিফলন পাওয়া যায় সংবিধানের ক্রমান্বয় অধিকতর স্বৈরতন্ত্রী, বৈষম্যবাদী ও সাম্প্রদায়িক হয়ে ওঠার মধ্যে।

অন্যদিকে যখন আমরা ২০২৪ সালের গণজাগরণে ‘বৈষম্যহীন বাংলাদেশ’ কথাটি শুনি বা দেয়াল লিখন দেখি তখন বুঝতে পারি সমাজে বাম এজেন্ডাই প্রধান আকাঙ্ক্ষা। প্রকৃতপক্ষে সাম্য সম্পর্কে কথা বলতে ও অসমতার বিরোধিতা করার অর্থ স্পষ্ট করতে অবশ্যই বামপন্থি রাজনীতির দিকেই তাকাতে হয়, তার পুনর্গঠনের কথা ভাবতে হয়। বাম বা জনপন্থি দর্শন ছাড়া বৈষম্যের বিরুদ্ধে সামগ্রিক লড়াই এগিয়ে যেতে পারে না। কারণ ডানপন্থি বা পুঁজিপন্থি রাজনীতি, বা এরকম অন্য যেকোনো ধরনের রাজনীতি, সহজাতভাবে বৈষম্যচিন্তা ধারণ করে। ধর্মভিত্তিক রাজনীতি হোক, জাতিভিত্তিক রাজনীতি হোক বা জাতীয়তাবাদী রাজনীতি, সবই বৈষম্যের ওপর ভর করেই দাঁড়ায়, সেজন্য এগুলোকে বলছি পুঁজিপন্থি রাজনীতি! তাছাড়া তাদের সহযোগী প্রভাবশালী নয়া উদারনৈতিক অর্থনৈতিক মডেল সহজাতভাবেই অসম। এগুলোর সবই বিভিন্ন ধরনের বৈষম্যকে উৎসাহিত করে। তাই আমাদের সত্যিকারভাবে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে অগ্রসর হতে গেলে পরিবর্তনের অর্থনৈতিক রাজনৈতিক দার্শনিক অবস্থান স্পষ্ট করতে হবে।

স্বৈরশাসনের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দুই ধরনের ঘটনা বেশি বেশি ঘটতে দেখা গেছে। এর একটি হলো বহুদিনের পুরোনো বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সমাজের বিভিন্ন অংশ মানুষের রাস্তায় সভা-সমাবেশ। অন্যটি হলো সংঘবদ্ধভাবে কিছু মানুষের জোরজবরদস্তি, প্রতিষ্ঠানে, অনুষ্ঠানে ও সরকারের নীতি-নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে।

গণ-আন্দোলন বা গণ-অভ্যুত্থানের ফলে যখন পরিবর্তনের সম্ভাবনা দেখা দেয় তখন খুব যৌক্তিক কারণেই বিভিন্ন সামাজিক গোষ্ঠী তাদের প্রাপ্য আদায়ের চেষ্টা করে। যারা দায়িত্বে থাকেন তাদের অবশ্যই এসময় বঞ্চিত মানুষের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এগুলো আরেকভাবে সমাজের বৈষম্যের চিত্র বোঝার সুযোগ উপস্থিত করে। আন্দোলনে নানা বাহ্যিক প্রভাব থাকতেই পারে। তবে বঞ্চিত জনগোষ্ঠীর আন্দোলনের পেছনে গভীর ক্ষোভ সংবেদনশীল দৃষ্টিতে বোঝার চেষ্টা করতে হবে, এর পেছনের কারণগুলোর দিকে মনোযোগ দিতে হবে। শ্রমিক বিক্ষোভ বকেয়া মজুরি, বিভিন্ন ধরনের অবিচার, অন্যায়ভাবে ছাঁটাই এবং সংগঠন করতে না দেওয়ার মতো সমস্যা থেকে উদ্ভূত। বহুদিনের পুরোনো অনেক অভিযোগের নিষ্পত্তি না করায় তা ক্ষোভে প্রকাশিত হয়। শ্রমিক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর ন্যায্য দাবিদাওয়া রাষ্ট্রীয় বৈরিতার শিকার হলেও সংঘবদ্ধ জনবিরোধী বৈষম্যবাদী অপতৎপরতায় সরকারের নিষ্ক্রিয়তা আমাদের উদ্বিগ্ন করছে। বৈষম্যহীন বাংলাদেশ সন্ধান করতে হলে এগুলো নিয়ে প্রশ্ন তুলতে হবে। সরকারের সুনজর দেশের আপামর জনতার দিকে থাকতে হবে।

লেখক: অর্থনীতিবিদ ও সম্পাদক
সুজন [সুশাসনের জন্য নাগরিক]

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম