নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন। এ সফরে তিনি জেলার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও সুবিধাভোগীদের মধ্যে কার্ড বিতরণ করবেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা সফরসূচিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ওই সূচি অনুযায়ী, বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর ২টায় কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন এলাকায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এ সময় সেখানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। একই সময়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।












