বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
সৌন্দর্য, আত্মবিশ্বাস ও মেধার প্রতিযোগিতায় ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। নিজের দেশের মাটিতে বিশ্বসুন্দরীর খেতাব জিতে উচ্ছ্বাসে ভাসছেন তিনি। অন্যদিকে, শীর্ষ পাঁচে জায়গা করে নেওয়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি হয়েছেন তৃতীয় রানারআপ। পঞ্চমবারের মতো মিস ইউনিভার্সের মুকুট জয়ের স্বপ্ন পূরণ না হলেও প্রতিযোগিতায় নিজের পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেন ১১৬ প্রতিযোগী।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন পাঁচ দেশের প্রতিনিধি। তাঁরা হলেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিযোগী।
চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের জবাব, আত্মবিশ্বাস এবং মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সব দিক বিবেচনায় বিচারকদের রায়ে সেরার মুকুট ওঠে পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটোর মাথায়। নিজ দেশের দর্শকদের সামনে এই অর্জন উদযাপনের সুযোগ পান তিনি।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপের খেতাব পেয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি। আর চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বেও বিশেষভাবে নজর কেড়েছেন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রাসঙ্গিকতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কীভাবে তুলে ধরবেন, বিচারকদের এমন প্রশ্নের উত্তরে নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন তিনি।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ ও বিশ্বের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান ফিলিপাইনের এই প্রতিনিধি।
উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেছিলেন ক্যাটরিওনা গ্রে। এবারের আসরে বিয়ার তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।













