শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের গ্রামীণ অর্থনীতি বা কৃষি অর্থনীতি প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। দেশের মানুষের পুষ্টি চাহিদা পুরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি নিজেরাই নিজস্ব উৎপাদনে পুষ্টির জোগান দিতে এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে সক্ষম হই, তাহলে আমি বিশ্বাস করি, স্বনির্ভর এবং সমৃদ্ধ অর্থনীতি কঠিন কিছু নয়। শুধু প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা এবং এর সঠিক বাস্তবায়ন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে শেরে-বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী হয়, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা এবং উদ্ভাবনী শক্তিও তত বেশি বিকশিত হয়। মেধাবী জাতি গঠনের স্বপ্ন তাই পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত। আমরা একটি আত্মনির্ভরশীল এবং মেধা সমৃদ্ধ জাতি গঠনের জন্য এগিয়ে যাচ্ছি। তবে মেধা সমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের শতকরা ৫৬ ভাগ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হয়। প্রাণিজ আমিষের উৎপাদন কেবল খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এরসঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
তিনি বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনেই সীমাবদ্ধ নয়; বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তিনি বলেন, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রফতানিমুখী খাতে রূপ নিচ্ছে। র্বতমান সরকারের সময়কালে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ সেক্টরে ১০৪ দশমিক ৬৪ লক্ষ মার্কিন ডলার রফতানি আয় হয়েছে। এই সেক্টরের বিকাশে সরকার সবধরণের নীতি সহায়তা এবং অর্থনৈতিক নীতি সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি এই সেক্টেরের সাফল্যের জন্য সবার আগে খামারি ভাই-বোনদেরকে ধন্যবাদ জানাই।
প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক প্রভাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা পর্যায়ক্রমে আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশ একদিকে প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হয়ে উঠবে, অপরদিকে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত -উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রফতানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা ‘বাচ্চা উৎপাদনক্ষম’ উর্বর ডিম রফতানি করতেও সক্ষম হয়েছে। এভাবে আমাদেরকে নিত্য নতুন রফতানি বাজার সম্প্রসারণ করতে হবে। বিদেশে নিত্য নতুন প্রাণিজ পণ্যের বাজার খুঁজে বের করতে হবে।
প্রধানমন্ত্রী মনে করেন বাংলাদেশের সামনে, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য এবং পোলট্রি পণ্য রফতানি বাজার আরও সম্প্রসারণের বিশাল সম্ভাবনা বিদ্যমান। এজন্য বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও একইসঙ্গে স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনার ওপরও সরকার বিশেষ গুরুত্ব প্রদান করেছে।
পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক এবং প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপন্ন হচ্ছে এটি অবশ্যই আশাব্যাঞ্জক। ইতোমধ্যেই এই সেক্টরে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে। পোল্ট্রি খাতের সঙ্গে বর্তমানে প্রায় ৬০ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এর মধ্যে ৪০ শতাংশই নারী। বর্তমানে পোল্ট্রি সেক্টরে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, বর্তমানে প্রায় ১৫ লক্ষ প্রান্তিক খামারি তাদের দৈনিক জীবিকা নির্বাহের জন্য পশু পালন করে থাকেন। দেশ জুড়ে ছড়িয়ে থাকা অজস্র খামার দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান আর রফতানিতে অবদান রাখছেন। সুতরাং, পশুপ্রাণী চিকিৎসা নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সবরকমের পদক্ষেপ নিয়েছে।
আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন ও বিকাশের প্রধান অন্তরায় হচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাই। আপনারা জেনে আস্বস্ত হবে, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ইতোমধ্যেই ১৭ টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। যদিও এটি পর্যাপ্ত নয়। এ কারণে সরকার ইতোমধ্যেই আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওড়ে মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি হয়ে থাকে। এসব উপকূলীয় অঞ্চলে জেগে উঠা নতুন চর ও সরকারি খাস জমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দের সুযোগ রয়েছে। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য আমি মৎস এবং পশুসম্পদ মন্ত্রণালয়কে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানাই।
পশুপাখির অধিকার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিশেষ করে শহর অঞ্চলে আর্থিকভাবে সক্ষম মানুষের মাঝে উন্নত বিশ্বের মতো পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালন অনেক বৃদ্ধি পেয়েছে। এগুলো একদিকে যেমন মানুষের মানসিক প্রশান্তির কারণ হয়ে উঠেছে, অপরদিকে এসব প্রাণী অনেকের কাছে আয়েরও উৎস। তবে মনে রাখতে হবে, মানুষের যেমন অধিকার রয়েছে। তেমনি পশুপাখির অধিকার সম্পর্কেও অবহেলা করা চলবে না।
তিনি বলেন, আপনারা নিঃসন্দেহে জানেন, জীবজন্তু কিংবা পশুপাখির জন্যও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি অধিকার রয়েছে। প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে; প্রাণিকে অস্বস্তিতে রাখা চলবে না। ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখতে হবে; স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দিতে হবে সর্বোপরি প্রাণীকে ভয় এবং মানষিক যন্ত্রণা দেওয়া যাবে না। মানবিক মানুষ হিসেবেই আমাদের প্রত্যেককে পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন এবং সচেতন থাকা মানবিক দায়িত্ব।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরাই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য। আমাদের খামারিরাই প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি। আপনাদের মেধা পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগের ফলেই দেশের প্রাণিসম্পদ সেক্টর এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর।
এ সময় প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়ন ও বিকাশের স্বীকৃত স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে এই অনুষ্ঠানে যারা “জাতীয় প্রাণিসম্পদ পদক” পেয়েছেন তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অর্জন দেশের প্রাণিসম্পদ সেক্টরে আপনাদের অসামান্য অবদানের স্বীকৃতি। আপনাদের এই অর্জন দেশের লাখো উদ্যোক্তা, গবেষক এবং এই খাত সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস্য হবে বলে আমি মনে করি। দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে এক নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।
খাদ্য নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আপনাদের উৎপাদিত প্রাণি ও প্রাণিজাতপণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে ‘ফুড সেফটি’ ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার বিকল্প নেই। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজপণ্য প্রসেসিং সেন্টার এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। আমি আশা করি, অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে।












