• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

স্পেনে নির্বাচনে ক্ষমতায় আসতে পারে উগ্র ডানপন্থিরা

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:২৩
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১২:২৩

 

স্পেনে আগামী ২৯ নভেম্বর আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। জনমত জরিপের পূর্বাভাস সত্যি হলে, দেশটির উগ্র ডানপন্থী দল প্রথমবারের মতো সরকারে যাওয়ার সুযোগ পেতে পারে। ১৯৭৫ সালে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের অবসানের পর স্পেনে এমন ঘটনা আর ঘটেনি।

সংসদে সরকারের আবাসনসংক্রান্ত সহায়তা প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বাড়িভাড়া ও বাড়ির দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মধ্যেই এ প্রস্তাব দিয়েছিল তার সরকার।

জনমত জরিপে দেখা যাচ্ছে, নির্বাচনে মধ্য ডানপন্থী পিপলস পার্টি (পিপি) সবচেয়ে বেশি আসন পেতে পারে। তবে সরকার গঠনের জন্য দলটিকে উগ্র ডানপন্থী ভক্স পার্টির সমর্থন নিতে হতে পারে। স্পেনের ৩৫০ আসনের নিম্নকক্ষ কংগ্রেস অব ডেপুটিজে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১৭৬টি আসন। এ নির্বাচনে ভোটাররা উচ্চকক্ষ সিনেটের ২০৮ জন সদস্যও নির্বাচন করবেন।

স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের (আইএনই) তথ্য অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী প্রায় ৩ কোটি ৮৭ লাখ মানুষ এবার ভোট দেওয়ার যোগ্য।

কখন ভোট গ্রহণ শুরু ও শেষ হবে

আগামী ২৯ নভেম্বর স্থানীয় সময় সকাল ৯টায় স্পেনজুড়ে ভোট গ্রহণ শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত। গ্রিনিচ মান সময় অনুযায়ী, ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে সন্ধ্যা ৭টায়।

স্পেনে ভোট দেওয়ার পদ্ধতি

স্পেন একটি সংসদীয় রাজতন্ত্র। দেশটির রাষ্ট্রপ্রধান রাজা ষষ্ঠ ফেলিপে। আর সরকারের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দেশটির দুই কক্ষবিশিষ্ট সংসদ কোর্টেস জেনারেলেসের কাছে জবাবদিহি করেন। সংসদের দুটি কক্ষ হলো কংগ্রেস অব ডেপুটিজ ও সিনেট।

নিম্নকক্ষ কংগ্রেস অব ডেপুটিজের ৩৫০ সদস্য নির্বাচিত হন ৫২টি নির্বাচনী এলাকা থেকে। এ ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুসরণ করা হয়। ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে ভোট দেন না। তাঁরা একটি রাজনৈতিক দলকে ভোট দেন। প্রতিটি নির্বাচনী এলাকায় দলগুলো প্রার্থীদের একটি অগ্রাধিকারভিত্তিক তালিকা প্রকাশ করে।

স্পেনের প্রতিটি প্রদেশের জন্য অন্তত দুটি আসন নির্ধারিত রয়েছে। উত্তর আফ্রিকায় অবস্থিত স্বায়ত্তশাসিত শহর সেউতা ও মেলিয়ায় একটি করে আসন রয়েছে। বাকি আসনগুলো জনসংখ্যার ভিত্তিতে বণ্টন করা হয়। এ কারণে মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলো থেকে ছোট প্রদেশগুলোর তুলনায় বেশি প্রতিনিধি নির্বাচিত হন।

প্রতিটি নির্বাচনী এলাকায় দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন করা হয়। দলগুলোর প্রকাশিত তালিকার শীর্ষে থাকা প্রার্থীরা আসন পান। কোনো নির্বাচনী এলাকায় আসন পেতে একটি দলকে অন্তত ৩ শতাংশ ভোট পেতে হয়।

সরকার গঠনের জন্য কোনো দলকে ৩৫০ আসনের মধ্যে অন্তত ১৭৬টি আসন পেতে হবে। কোনো দল এককভাবে এ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে অন্য দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতা করতে হয়।

নির্বাচনের পর রাজা রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী পদের জন্য একজন প্রার্থীর নাম প্রস্তাব করেন। এরপর কংগ্রেসে আস্থা ভোটে জয়ী হতে হয় ওই প্রার্থীকে।

অন্যদিকে, উচ্চকক্ষ সিনেটের অধিকাংশ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। এ ক্ষেত্রে ভোটাররা প্রার্থীদের নাম ধরে ভোট দেন। অধিকাংশ প্রদেশে একজন ভোটার সর্বোচ্চ তিনজন প্রার্থীকে ভোট দিতে পারেন। সর্বোচ্চ ভোট পাওয়া চারজন নির্বাচিত হন। বাকি সিনেটরদের মনোনয়ন দেয় স্পেনের আঞ্চলিক সংসদগুলো।

ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাথমিক ফল প্রকাশ শুরু হবে। রোববার মধ্যরাতের আগেই নির্বাচনের সামগ্রিক চিত্র স্পষ্ট হয়ে যাওয়ার কথা।

২০২৩ সালের নির্বাচনে রাত ১১টা ৪৫ মিনিটের মধ্যে প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছিল।

স্পেনের বর্তমান জোট সরকার

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বর্তমানে সংখ্যালঘু জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সরকারের দুই শরিক হলো স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) এবং বামপন্থী সুমার জোট।

২২ সদস্যের মন্ত্রিসভায় রয়েছেন প্রধানমন্ত্রী, তিনজন উপপ্রধানমন্ত্রী এবং আরও ১৮ জন মন্ত্রী।

তিন উপপ্রধানমন্ত্রীর প্রত্যেকের দায়িত্বে রয়েছে সরকারের গুরুত্বপূর্ণ একটি করে নীতিনির্ধারণী ক্ষেত্র। কার্লোস কুয়েরপো অর্থনীতি, ইয়োলান্দা দিয়াজ শ্রম ও সামাজিক অর্থনীতি এবং সারা আগেসেন পরিবেশগত রূপান্তরের দায়িত্বে রয়েছেন।

গত মাসে ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার পর অস্কার পুয়েন্তে পদত্যাগ করেন। এরপর থেকে কুয়েরপো পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত দায়িত্বও পালন করছেন।

মন্ত্রিসভার ১৩ সদস্য পিএসওই এবং পাঁচজন সুমার জোটের। বাকি চারজন স্বতন্ত্র। তাঁদের নিয়োগ দিয়েছে পিএসওই।

নির্বাচনে প্রধান দলগুলো কারা

এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত দলগুলোর মধ্যে রয়েছে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল পিএসওই, মধ্য ডানপন্থী পিপলস পার্টি (পিপি), উগ্র ডানপন্থী ভক্স এবং বামপন্থী ফ্রেন্তে আমপ্লিও। পাশাপাশি আঞ্চলিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সমাজতান্ত্রিক দল (পিএসওই): মধ্য বামপন্থী এ দলটির নেতৃত্বে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আট বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সানচেজ আবারও নির্বাচনে প্রার্থী হয়েছেন। ১৯৭৮ সালের পর স্পেনের প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি দ্বিতীয় দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে তাঁর আগে রয়েছেন ফেলিপে গনসালেস।

তবে ক্ষমতার শেষ দুই বছর সানচেজের জন্য বেশ চাপের ছিল। তাঁর স্ত্রী, ভাই এবং সাবেক ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলেছে। এসব তদন্ত তাঁর সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করেছে।

পিপলস পার্টি (পিপি): মধ্য ডানপন্থী এ দলটির নেতৃত্ব দিচ্ছেন আলবের্তো নুনিয়েজ ফেইহো। ২০২২ সাল থেকে তিনি দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে তিনিই দলের প্রার্থী। ২০২৩ সালের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল পিপি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারেনি দলটি।

ভক্স: উগ্র ডানপন্থী এ দলটির নেতৃত্বে রয়েছেন সান্তিয়াগো আবাসকাল। ২০১৪ সালে পিপি ছেড়ে তিনি দলটি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। বর্তমানে ভক্স স্পেনের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল।

অভিবাসন নীতিতে কঠোর অবস্থান, কর কমানো এবং কাতালান ও বাস্ক অঞ্চলের স্বাধীনতাকামী আন্দোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালাচ্ছে দলটি।

ফ্রেন্তে আমপ্লিও: বামপন্থী এ নতুন জোটের নেতৃত্ব দিচ্ছেন বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ। সানচেজের সঙ্গে ২০২৩ সাল থেকে সরকারে থাকা বামপন্থী সুমার জোটের পরিবর্তে এ জোট গঠিত হয়েছে। সুমারের সাবেক শরিক পোদেমোস এবার আলাদাভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।

আঞ্চলিক দলগুলো: সরকার গঠনে আঞ্চলিক দলগুলো আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাস্ক অঞ্চলের ইএইচ বিলদু, গালিসিয়ার বিএনজি, বাস্ক ন্যাশনালিস্ট পার্টি (পিএনভি) এবং কাতালোনিয়ার বামপন্থী স্বাধীনতাকামী দল ইআরসি সাধারণত সানচেজকে সমর্থন দিয়ে এসেছে।

অন্যদিকে, কাতালোনিয়ার মধ্য ডানপন্থী স্বাধীনতাকামী দল জুনৎস ২০২৩ সালে সানচেজের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে সমর্থন দিয়েছিল। তবে এরপর থেকে দলটি বারবার তাঁর সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে।

নির্বাচনে যেসব বিষয় প্রভাব ফেলতে পারে

৩০ অক্টোবর প্রকাশিত ইউগভের এক জনমত জরিপে স্পেনের মানুষের কাছে কয়েকটি বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে আবাসনসংকট, অভিবাসন, দুর্নীতি, স্বাস্থ্যসেবা এবং অর্থনীতির অবস্থা।

আবাসনসংকট: স্পেনে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। স্পেনের কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। ব্যাংকটির আশঙ্কা, ২০২৮ সালের মধ্যে এ ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

স্পেনে বাড়িভাড়াও সাধারণ মানুষের জন্য বড় সমস্যা হয়ে উঠেছে। দেশটিতে একটি বাড়ির গড় মাসিক ভাড়া ১ হাজার ১৭৬ ইউরো বা ১ হাজার ৩১৮ ডলারে পৌঁছেছে। স্প্যানিশ ইয়ুথ কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশটির একজন তরুণের গড় মাসিক বেতন ১ হাজার ১৯১ ইউরো বা ১ হাজার ৩৩৪ ডলার। অর্থাৎ একজন তরুণের প্রায় পুরো মাসের বেতনের সমান বাড়িভাড়া।

বাড়িভাড়া ও বাড়ির দাম বেড়ে যাওয়ায় দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। এ নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভও হয়েছে। নির্বাচনে বিষয়টি বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসন: অভিবাসনের বিষয়ে সানচেজ ইউরোপের অন্যতম উদারপন্থী নেতা হিসেবে পরিচিত। চলতি বছর তিনি অনিবন্ধিত অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এ সুযোগ পেতে প্রায় ১২ লাখ আবেদন জমা পড়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে ভক্স। দলটি ক্ষমতায় গেলে সব অনিবন্ধিত অভিবাসীকে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে, পিপি তাদের নির্বাচনী ইশতেহারে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার কথা বলেছে।

দুর্নীতি: সানচেজের দল, সরকার ও পরিবারের সদস্যদের ঘিরে সর্বোচ্চ নয়টি বিচারিক তদন্ত চলছে। তাঁর সাবেক পরিবহনমন্ত্রী হোসে লুইস আবাদালোসকে গত জুনে দুর্নীতির মামলায় ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিরোধী দলগুলো নির্বাচনী প্রচারে দুর্নীতিকে অন্যতম প্রধান ইস্যু করেছে। তাদের অভিযোগ, সানচেজের সরকার একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে।

স্বাস্থ্যসেবা: স্পেনজুড়ে হাসপাতালে চিকিৎসা পেতে দীর্ঘ অপেক্ষার তালিকা তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। কর্মঘণ্টা সংস্কার নিয়ে জাতীয় পর্যায়ে চিকিৎসকদের ধর্মঘটের কর্মসূচি ছিল। তবে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে। অবশ্য বিভিন্ন অঞ্চলে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

অর্থনীতির অবস্থা: ইউরোজোনের গড় প্রবৃদ্ধির তুলনায় স্পেনের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়েছে। তবে মূল্যস্ফীতি প্রায় ৫ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে আবাসন ব্যয় বেড়েছে ব্যাপকভাবে। ফলে অর্থনীতির প্রবৃদ্ধির সুফল সাধারণ স্প্যানিশ নাগরিকদের অনেকেই অনুভব করতে পারছেন না।

আগামী ২৯ নভেম্বরের নির্বাচন তাই শুধু সরকার পরিবর্তনের লড়াই নয়; স্পেনের রাজনীতিতে উগ্র ডানপন্থীদের সম্ভাব্য উত্থান, আবাসনসংকট, অভিবাসন ও দুর্নীতির মতো বিষয়ও এ নির্বাচনে বড় ভূমিকা রাখবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম