শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সিলেটে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা ফুটবল দল।
শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে সদর উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে তারা।
ম্যাচের ১৬ মিনিটে জৈন্তাপুরের হয়ে জয়ের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড শাহরিয়ার আলম। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক দূরপাল্লার শটে সিলেট সদরের জাল কাঁপান এই ফুটবলার। দৃষ্টিনন্দন গোলটিতে উল্লাসে ফেটে পড়ে জৈন্তাপুরের দর্শক গ্যালারি। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও আর কোনো গোল শোধ দিতে পারেনি সদর উপজেলা। পুরো ম্যাচে বেশ কয়েকটি দারুণ সেভ করে দলকে নিরাপদ রাখেন জৈন্তাপুরের গোলরক্ষক সাজু আহমদ।
ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জৈন্তাপুরের স্ট্রাইকার শাহরিয়ার আলম।
উদ্বোধনী ম্যাচে জয়ে টুর্নামেন্ট শুরু করায় দারুণ খুশি জৈন্তাপুর দলের ম্যানেজার বাহারুল আলম বাহার। তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। খেলোয়াড়রা শুরু থেকে শেষ পর্যন্ত যে শৃঙ্খলা ও সাহসিকতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই জয় আমাদের সামনের ম্যাচগুলোতে আরও ভালো করার আত্মবিশ্বাস জোগাবে।’
দলের কোচ ফয়েজ আহমদ ম্যাচ নিয়ে বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার। শাহরিয়ারের অসাধারণ গোলে আমরা এগিয়ে যাই এবং এরপর পুরো দল রক্ষণভাগে দারুণভাবে সংগঠিত ছিল। বিশেষ করে গোলরক্ষক সাজু কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে জয় ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে।’













