• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

কনস্যুলেটের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:২০
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:২০

 

এম এনাম হোসেন, ইউএই

প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই। প্রবাসীদের সমস্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধ, ইউএইর আইন সম্পর্কে সচেতনতা তৈরি এবং কমিউনিটির সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন সংগঠনটির নেতারা। শুক্রবার (২৭ নভেম্বর) দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে।

সভায় বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিছু প্রবাসীর অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে এসব সমস্যার নেতিবাচক প্রভাব আরও বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রবাসীদের মধ্যে সচেতনতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের ভাবমূর্তি রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও উল্লেখ করেন, সংযুক্ত আরব আমিরাতের আইন ও সামাজিক শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দেশে বসবাস ও কর্মরত প্রত্যেক বাংলাদেশিকে স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন দেশের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে প্রবাসে কিছু মানুষ হিংসাত্মক ও নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর ফলে শুধু প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সম্মান ও মর্যাদাও প্রশ্নের মুখে পড়ছে। প্রবাসে একটি ইতিবাচক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।

তিনি বলেন, প্রবাসীদের মধ্যে ইতিবাচক মনোভাব, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং কমিউনিটির ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকরা কার্যকর অবদান রাখতে পারেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস উইং) জিয়াউল হক মীর ও দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির। বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহ-সভাপতি এম এনাম হোসেন, সহ-সভাপতি নওশের আলম, সাধারণ সম্পাদক আবু ছালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন সিকদার, প্রচার সম্পাদক এস এম গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য মনির হোসেন।

মতবিনিময় সভায় সাংবাদিকতার পেশাগত মান, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ মিশনের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভা শেষে প্রবাসে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করা এবং ইতিবাচক কমিউনিটি গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএইর নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম