নিজস্ব প্রতিবেদক
ছবি : সংগৃহীত
অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোসহ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুমান।
শুক্রবার (২৭ নভেম্বর) বার্লিনে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হয়।
বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানো, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং অর্থনৈতিক সহযোগিতার অনাবিষ্কৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
জ্বালানি নিরাপত্তা, জনমিতিক সুবিধা, অভিবাসন ও মানুষের চলাচল এবং ভিসা প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও জার্মান প্রতিনিধিকে অবহিত করেন তিনি। এ সময় নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা তৈরি, মেয়েদের শিক্ষা, জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি পণ্য হিসেবে পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের কথা তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম।
এ ছাড়া দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা। অভিবাসন ও কর্মী চলাচলে সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থা চালু, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমেও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে জার্মান পক্ষ।
বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জার্মান প্রতিনিধিরা। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে তাদের নিজ দেশে ফেরার বিষয়ে আন্তর্জাতিক সমর্থন জোরদারের ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।












