শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশের গুরুত্বপূর্ণ ৩৮টি রেলস্টেশনের নিরাপত্তা জোরদার করতে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রেল চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এসব সদস্য মোতায়েন করা হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
নিরাপত্তা কার্যক্রম মাঠপর্যায়ে তদারকির জন্য ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিকভাবে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং রেল চলাচল স্বাভাবিক রাখাই এ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।












