শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
গণহত্যাসহ বড় ধরনের নৃশংসতার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার ব্যবহার সীমিত করার লক্ষ্যে নেওয়া ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে এ অঙ্গীকার করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই মন্ত্রী কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থা জোরদার করা এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদে চলমান উদ্যোগগুলো নিয়ে আলোচনা করেন।
এ সময় খলিলুর রহমান জানান, গণনৃশংসতার ঘটনা সংশ্লিষ্ট পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার প্রয়োগ নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর নেওয়া উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে বাংলাদেশ।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো, গণহত্যাসহ বড় ধরনের নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখা দিলে নিরাপত্তা পরিষদ যেন ভেটো প্রয়োগের কারণে অকার্যকর হয়ে না পড়ে। এ ধরনের পরিস্থিতিতে স্থায়ী সদস্যরা যেন স্বেচ্ছায় ভেটো প্রয়োগ থেকে বিরত থাকেন, সে বিষয়ে সংযম প্রতিষ্ঠা করাই উদ্যোগটির উদ্দেশ্য।
বৈঠকে উদ্যোগটি এগিয়ে নেওয়া এবং এর পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে জাতিসংঘের সাধারণ পরিষদের মধ্যে দুই দেশের প্রচেষ্টা কীভাবে সমন্বয় করা যায়, তা নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আলোচনাগুলোতে আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদার করার বিষয়ে উভয় দেশের অভিন্ন আগ্রহ প্রতিফলিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ও ফ্রান্স অর্থনৈতিক বিষয়, সংস্কৃতি, একাডেমিক বিনিময় এবং টেকসই উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহও ব্যক্ত করেছে।












