শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় পুরস্কারজয়ী নারী উদ্যোক্তা হাসিনা মুক্তার ফ্যাশন ব্র্যান্ড ‘নতুনত্ব’ এবারের এসএমই মেলায় সেরা স্টলের স্বীকৃতি পেয়েছে।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার সমাপনী দিন শনিবার (২৮ নভেম্বর) সেরা স্টলের ক্রেস্ট তুলে দেওয়া হয়।
শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন হাসিনা মুক্তা।
বুটিকস ও হস্তশিল্প নিয়ে কাজ করে নতুনত্ব। প্রতিষ্ঠানটি ফ্যাশন ও তৈরি পোশাক ক্যাটাগরিতে সেরা স্টলের পুরস্কার পেয়েছে।
তৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসিনা মুক্তা বলেন, সেরা স্টলের স্বীকৃতি নতুনত্ব ব্র্যান্ডের জন্য নিসন্দেহে গৌরবের। একই সঙ্গে বলব, এর মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি, শুধু পোশাক নয়; সেটি উপস্থাপনের স্টাইলেও আমরা সেরা। ফ্যাশন জগতে ক্রেতাদের কাছে নতুনত্বকে সত্যিই নতুন আঙ্গিকে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা।
হাসিনা মুক্তা নারী উদ্যোক্তা হিসেবে এর আগে যুব মন্ত্রণালয় থেকে জাতীয় পুরস্কার অর্জন করেন।
এবার ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার আসর বসে। সাত দিন ধরে চলা এবারের মেলা প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল; যাতে অসংখ্য ক্রেতা ও দর্শনার্থীর সমাগম দেখা যায়।












