শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা কিংবা আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রবিবার (২৯ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভার উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই।’
নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপের প্রথম দিনে আমন্ত্রণ পায় ১৮টি রাজনৈতিক দল। তবে প্রথম দিনের সংলাপেই অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। জামায়াতে ইসলামী পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
আজকের সংলাপে ১৪টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।
ইসি জানিয়েছে, ইউপি নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে এবং দ্বিতীয় ধাপে ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।
এদিকে সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনে বিএনপির অংশ নেওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও মতবিনিময় করবে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার পর্যায়ের সবচেয়ে বড় নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থীদের মধ্যে বিরোধ ও সহিংসতার আশঙ্কা থাকে। এসব পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।












