পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের শহর থেকে গ্রাম-যেখানেই দেখা যাবে, সেখানেই লাঠিপেটা করার নির্দেশ দিয়েছেন উপজেলা কৃষক দলের সহসভাপতি নাহার আলী।
শনিবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট গোলচত্বরে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এক বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
বক্তব্যে নাহার আলী বলেন, বিগত ১৭ বছর হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে অন্যায়-অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়েছেন। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরকে ঘিরে আবারও সারা দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে।
উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জুর রহমান সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল হক সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি সদস্য জুলফিকার লিপন মতিন, উপজেলা কৃষকদলের সহসভাপতি শাজাহান মালিথা, সহসভাপতি জাহাঙ্গীর আলম শাহীন, সহসভাপতি হাফিজুর রহমান ভোলা, যুগ্ম সম্পাদক আরব আলী ফকির, সাংগঠনিক সম্পাদক ওমর শরীফ হানিফ মালিথা, সাহাপুরের মক্কেল মৃধা, মুলাডুলির নাহার, সলিমপুরের সেলিম মন্ডল, দাশুড়িয়ার হান্নান সরদার, লক্ষীকুন্ডার মিন্টু সরদার, পাকশী ইউনিয়নের সাইফুল ইসলাম, স্বপ্না খাতুনসহ অন্যরা।
সভায় আগামী ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি কৃষকদলের উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা সাফল্যমন্ডিত করার আহ্বান জানানো হয়। এ সময় উপজেলার সব ইউনিয়ন ও এর অন্তর্গত ওয়ার্ডের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।












