• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী নির্বাচন একক না জোটে করবে জাতীয় পার্টি, যা জানালেন জিএম কাদের

প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ৯:১২
আপডেট: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ৯:১২

jpeg 19

আগামী নির্বাচন একক না জোটে করবে জাতীয় পার্টি, যা জানালেন জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ‘আমরা জোট করব কি না- এখনো এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা নির্বাচনের কাছাকাছি সময়ে এসব সিদ্ধান্ত নেব। কী করব, শেষ পর্যন্ত কী হবে, সেটা এখনো আমরা জানি না।’

তিনি বলেন, ‘এখন আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ৩০০ আসনে প্রস্তুতি নিচ্ছি। সেভাবে আমরা প্রার্থী তৈরি করছি। আমাদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছি। তবে আগামী দিনের পরিস্থিতি দেখে জোট করা হবে কি না- তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর দর্শনার পল্লী নিবাসে পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় দলের মহাসচিব মজিবুল হক চুন্নুসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর জিএম কাদের রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

জিএম কাদের ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে বলেন, ‘আমরা আগে থেকেই বলে আসছি ইভিএমে কারচুপি হতে পারে। ইভিএমের মাধ্যমে সরকারি দল প্রভাব বিস্তার করে নানাভাবে রেজাল্ট ছিনতাই করতে পারে। সাধারণ নির্বাচনে সরকারি দল এখন প্রতিনিধিত্ব করছে, সরকারি দলের অধীনে সব কিছু থাকায় তারা ক্ষমতা দেখিয়ে থাকে। রেজাল্ট নিজের পক্ষে নিয়ে যেতে পারে। এসব কথা আমরা সব সময় বলে আসছি। এর আগেও আমরা যে কথাগুলো বলেছিলাম, সেগুলো সত্য প্রমাণিত হয়েছে। ইভিএমে সুষ্ঠু ভোট হয় না, এবার নতুন নির্বাচন কমিশনার নিজেই বলেছেন। গাইবান্ধা উপনির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এককভাবে আমাদের যে রাজনৈতিক শক্তি ও অবস্থান আছে, সেটিকে আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের একটা অতীত আছে। অতীতে যে রকম সুশাসন আমরা দিয়েছিলাম, পরবর্তীতে কোনো সরকার সেরকম দিতে পারেনি। আমরা এখন সমস্যা সমাধানের অঙ্গীকার নিয়ে জনগণের সামনে হাজির হচ্ছি। আমরা এভাবে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করছি। নির্বাচনের আগে অবস্থা ও পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব।’

দলের বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার হুমকি-ধমকি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কে কী বলে বলুক। আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। যারা এসব কথা বলছেন, সেগুলো অবান্তর কথা। এসব বিষয়ে আমি মনে করি মতামত দেওয়া ঠিক না। যারা জাতীয় পার্টির নাম ব্যবহার করছে, আমরা তাদের নিয়ে মোটেও উদ্বিগ্ন নই।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান আদেল এমপি, রংপুর সিটি করপোরেশনের মেয়র ও রংপুর মহানগরের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 

এতে মহানগরীর ওয়ার্ড ও বিভিন্ন থানা এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে সম্মেলনে যোগদান করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com