নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বৃত্তের আগুনে পুড়েছে একটি বাস। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।
শুক্রবার (৯ ডিসেম্বর) শেষ রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, তিশা পরিবহনের একটি বাস দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় ডাম্পিং করা ছিল। রাতে কে বা কারা আগুন দিয়েছে তা এখনও আমরা জানতে পারিনি। তবে আমরা ধারণা করছি, কোনো মাদকাসক্ত ব্যক্তি হয়তো সিগারেট আগুন বাসের মধ্যে ফেলেছে। এ থেকে হয়তো অগ্নিকাণ্ড ঘটে।












